ওষুধ পাওয়া নিয়ে এইডস রোগীরা অনিশ্চয়তায়
এইডস রোগীদের ওষুধ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডিসেম্বর থেকে উন্নয়ন সহযোগীদের কার্যক্রম গুটিয়ে নেওয়া এবং সরকারিভাবে ওষুধ সরবরাহের কোনো সুস্পষ্ট ঘোষণা না থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এইডস রোগীরা। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেটওয়ার্ক অব পিএলএইচআইভি এ তথ্য দেয়।
এইচআইভি এইডস রোগীদের সংগঠনগুলোর মোর্চা নেটওয়ার্ক অব পিএলএইচআইভির সাধারণ সম্পাদক বলেন, ২০১২ সালে সরকার জানায় সরকারি পাঁচটি হাসপাতালের মাধ্যমে ওষুধ ও অন্যান্য সেবা দেওয়া হবে। সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে ইউএসএআইডিসহ সব আন্তর্জাতিক দাতা সংস্থা তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। সুইস রেডক্রস খুব স্বল্প মাত্রায় সেবা দিচ্ছে। জিএফএটিএম ডিসেম্বরে সব কাজ বন্ধ করে দেবে। কিন্তু কোন পাঁচটি হাসপাতাল কীভাবে ওষুধ সরবরাহ করবে, সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত কমপক্ষে তিনজন রোগী বলেন, তাঁরা নিজেদের রোগের কথা প্রকাশ করার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাসেবা পাননি। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়ার কথা থাকলেও তাঁরা তা পাচ্ছেন না। সরকারিভাবে ওষুধ সরবরাহের উদ্যোগ নিলেও তা কতটা সফল হবে, এ নিয়ে তাঁরা সন্দিহান।
একাধিক রোগী বলেন, দূর-দূরান্ত থেকে রোগীরা একটি নির্দিষ্ট দিনে বেসরকারি সংস্থা থেকে ওষুধ নিয়ে যান। রাত ১০টা পর্যন্ত তাঁরা ওষুধ সংগ্রহ করতে পারেন। দুপুর আড়াইটার পর হাসপাতালে ওষুধ দেওয়ার জন্য কেউ থাকবেন কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত।
নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি সংগঠনের নেত্রী বলেন, এইচআইভি এইডস আক্রান্ত রোগীকে নিয়মিত সিডি৪ সেল পরিমাপ করতে হয়। পাঁচ বছর আগে সরকার আটটি যন্ত্র কিনলেও এখনও কাজ শুরু করেনি। তিনি বলেন, সরকারি হাসপাতালে তাঁরা ‘চুরি’ করে ঢুকে ‘চুরি’ করে সেবা নিতে চান না। রোগ গোপন রেখে সেবা নেওয়া যায়, তাতে বহু মানুষের আক্রান্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। অপর এক নেত্রী বলেন, শুধু ওষুধ দিয়েই এইডস রোগীদের চিকিৎসা হয় না। তাদের জীবনাচরণ সম্পর্কে দীর্ঘ সময় পরামর্শ দিতে হয়। সব বিষয়ই বিবেচনা করা দরকার।
নেটওয়ার্ক অব পিএলএইচআইভি বলছে, এই মুহূর্তে বাংলাদেশে তিন হাজার ২৪১ জন রোগী আছেন। আক্রান্তের সংখ্যা কম হওয়ার এই কৃতিত্ব এইডস রোগীদেরই দিতে হবে।