ওষুধ পাচারকারীদের গ্রেপ্তারে অসহযোগিতা!
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ওষুধ পাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের প্রেপ্তারে পুলিশ অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান জানান, ওষুধসহ গ্রেপ্তার করা আসামির স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। হাসপাতালের পরিচালক তো আর আসামি গ্রেপ্তার করতে পারেন না।
নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও ওষুধ চুরি মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, গ্রেপ্তার মঞ্জু আরা বেগম (৩০) দাবি করেছেন, তাঁর কাছে পাওয়া ওষুধ সব শিশু ওয়ার্ডের। কিন্তু তাঁর কাছে যে ওষুধ পাওয়া গেছে সবই অ্যান্টিবায়োটিক। এসব ওষুধ শুধু শিশু ওয়ার্ডে থাকার কথা নয়। অন্যান্য ওয়ার্ড থেকেও চুরি করা হয়েছে। এর সঙ্গে আরও লোক জড়িত রয়েছে।
লুৎফর রহমানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না—জানতে চাইলে তিনি বলেন, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে গ্রেপ্তার করতে গেলে হাসপাতালের কর্মচারীরা আন্দোলনে চলে যাবে। তখন তিনিই বিপাকে পড়বেন। এ ছাড়া লুৎফর রহমানকে গ্রেপ্তার করতে গেলে হাসপাতালের পরিচালকের অনুমতির জন্য আবেদন করা হবে। তিনি আরও জানান, এক দিনের রিমান্ড শেষে মঞ্জু আরাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
গতকাল শুক্রবার পরিচালক সাইদুর রহমান বলেন, গতকাল বিকেল পর্যন্ত পুলিশ অনুমতি চেয়ে কোনো আবেদন করেনি। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম কথা দিয়েছিলেন রিমান্ডে মঞ্জু আরা পুলিশের কাছে ওষুধ পাচার চক্রের অন্য যেসব সদস্যের নাম বলবেন সেগুলো তাঁকে দিয়ে সহযোগিতা করবেন। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো নামও সরবরাহ করেননি।
ওসি এ বি এম রেজাউল ইসলাম বলেন, মঞ্জু আরা রিমান্ডে তেমন কোনো নাম বলেননি।
গত রোববার দুপুর আড়াইটার দিকে রামেক হাসপাতালের পুলিশ বক্সের পুলিশ প্রায় ৩০-৪০ হাজার টাকার ওষুধসহ মঞ্জু আরা বেগমকে আটক করে। তাঁর বাবা মঞ্জুর রহমান হাসপাতালের প্রহরী পদে এবং ফুপা লুৎফর রহমান ওয়ার্ডবয় পদে চাকরি করেন। তাঁদের বাড়ি নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়।