ওষুধ পাচারের অভিযোগে আটক ৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ বাইরে বিক্রির জন্য পাচারের অভিযোগে গতকাল শনিবার সকালে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা হলেন মো. জসিম, মো. রফিক ও মো. সাগর। রফিক হাসপাতালের একজন বিশেষ কর্মচারী। জসিম বহিরাগত। সাগর ফার্মেসি বিষয়ে ঢাকা মেডিকেলে অনেক আগে প্রশিক্ষণ নিতে এসেছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, সকাল নয়টার দিকে হাসপাতালের ভেতরে ব্যাগ হাতে চলাফেরা সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত আনসার সদস্যরা জসিমের ব্যাগ তল্লাশি করেন। ব্যাগে হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া যায়। তিনি দাবি করেন, হাসপাতালের বিশেষ কর্মচারী রফিক তাঁকে ওষুধগুলো দিয়েছেন বাইরে নিয়ে বিক্রির জন্য। পরে রফিককে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে সাগর নামের আরেকজনকে আটক করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবদুল গফুর বাদী হয়ে মামলা করেছেন।