ওষুধ প্রতিরোধী যক্ষ্মা ঝুঁকি নিয়ন্ত্রণে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় (মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি-এমডিআর টিবি) আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে কম। আবার এই জটিল রোগে আক্রান্ত যারা শনাক্ত হচ্ছে, তাদের সবাই চিকিৎসার আওতায় আসছে না। আর চিকিৎসার আওতায় আসা সবার তথ্য ঠিকভাবে রাখা হচ্ছে না। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে এমডিআর যক্ষ্মা ব্যবস্থাপনার এ চিত্র পাওয়া গেছে।
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমডিআর যক্ষ্মার প্রকোপ বেশি এমন ২৭টি দেশের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বাংলাদেশের নাম আছে। সংস্থাটি বলছে, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমডিআর যক্ষ্মার প্রকোপ বৃদ্ধি যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাফল্যের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক (বেস্ট এস্টিমেটেড) ৪ হাজার ৮০০ মানুষ এমডিআর যক্ষ্মায় আক্রান্ত হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এদের ২১ শতাংশকে বা প্রায় এক হাজার ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে। বাকিরা ‘নিখোঁজ’ থেকে যাচ্ছে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এমডিআর যক্ষ্মা শনাক্তের হার বাড়ানোর জন্য জিন এক্সপার্ট যন্ত্রের (এই যন্ত্রে দুই ঘণ্টার মধ্যে এমডিআর যক্ষ্মা জীবাণু শনাক্ত করা যায়) সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। এ ক্ষেত্রে জনবল বৃদ্ধির চেষ্টা অব্যাহত আছে। ২০১৪ সালের যৌথ পর্যবেক্ষণ মিশন প্রতিবেদনে এ ব্যাপারে যেসব সুপারিশ করা হয়েছিল, তা বাস্তবায়নের চেষ্টা চলছে।
এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সম্মিলিতভাবে যক্ষ্মা নির্মূল’। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে বলা হয়, ২০১৫ সালে ২ লাখ ৬ হাজার ৯১৯ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১০৩ জন শিশু।
বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, যক্ষ্মার জীবাণু পুরোপুরি ধ্বংস করতে সঠিক মাত্রায় ছয় মাস পূর্ণ মেয়াদে ওষুধ সেবন করতে হয়। মাত্রা ঠিক না থাকলে অথবা কোর্স শেষ না হলে জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে। তখন নতুন মাত্রায় প্রায় দুই বছর ওষুধ সেবন করতে হয়। সাধারণ যক্ষ্মায় রোগ নির্ণয় ও ছয় মাসের ওষুধে খরচ হয় ৩০ মার্কিন ডলার। এমডিআর যক্ষ্মার চিকিৎসায় খরচ হয় ৪ হাজার ৮০০ ডলার।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, অনেকে এক-দুই মাস ওষুধ খেয়ে একটু সুস্থ হওয়ার পর ওষুধ ছেড়ে দেয়। এরা এমডিআর যক্ষ্মার রোগীতে পরিণত হয়। আবার যারা এমডিআর যক্ষ্মার রোগী, তারা সরাসরি এমডিআর যক্ষ্মার জীবাণু ছড়ায়। বাংলাদেশে দুভাবেই রোগী বাড়ছে।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলেন, এমডিআর যক্ষ্মা রোগী শনাক্ত করার পর তাদের চিকিৎসার জন্য তালিকাভুক্ত করা হয়। চিকিৎসার সময়কাল ২০ থেকে ২৪ মাস। প্রথম ছয় থেকে আট মাস তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে বাড়ি পাঠিয়ে চিকিৎসা অব্যাহত রাখা হয়।
বর্তমানে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ছাড়া চট্টগ্রাম, পাবনা, খুলনা ও সিলেট বক্ষব্যাধি হাসপাতালে এমডিআর যক্ষ্মা রোগীর চিকিৎসা দেওয়া হয়। রাজশাহী বিভাগীয় যক্ষ্মা হাসপাতালেও এই চিকিৎসা দেওয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান ডেমিয়েন ফাউন্ডেশনের টাঙ্গাইলের জলচ্ছত্র, নেত্রকোনার অনন্তপুর এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জের হাসপাতালে চিকিৎসা হয়। ডেমিয়েন ফাউন্ডেশনের হাসপাতালগুলোতে নতুন পদ্ধতিতে ২৪ মাসের পরিবর্তে এমডিআর যক্ষ্মা রোগীদের নয় মাসে চিকিৎসা দেওয়া হয়।
গত সোমবার সাংবাদিকদের জন্য আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কর্মসূচির পরামর্শক আহমেদ পারভেজ জেবিন বলেন, বর্তমানে দেশে ৩৯টি জিন এক্সপার্ট যন্ত্র আছে। এর ছয়টি নষ্ট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গঠিত যৌথ মূল্যায়ন মিশনের ২০১৪ সালের প্রতিবেদনে এসব যন্ত্র সর্বোচ্চ মাত্রায় ব্যবহার না হওয়ার তথ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমডিআর যক্ষ্মা রোগীর তথ্য ঠিকভাবে রাখা হয় না। জাতীয় যক্ষ্মা কর্মসূচিতে মাঠপর্যায়ে সেবা দেয় বেসরকারি সংস্থাগুলো (এনজিও)। এ ক্ষেত্রে এনজিও ও সরকারি কর্মকর্তাদের কাজে সমন্বয়ের অভাব আছে।