ওষুধ প্রতিরোধী সংক্রমণে বৈশ্বিক দারিদ্র্য বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ প্রতিরোধী সংক্রমণের কারণে উন্নত ও উন্নয়নশীল দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমছে। এই পরিস্থিতি চলতে থাকলে নিম্ন আয়ের দেশগুলোতে ২০৫০ সাল নাগাদ যে অর্থনৈতিক ক্ষতি হবে, তা জিডিপির ৫ শতাংশ। আর সেটা হবে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির সমতুল্য। বিশ্বব্যাংক গ্রুপের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘ওষুধ প্রতিরোধী সংক্রমণ: আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগজীবাণুর নিজস্ব প্রতিরোধক্ষমতা দিন দিন বাড়ছে। ফলে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে এখন আর বিভিন্ন সংক্রমণ সারছে না। এতে যে অর্থনৈতিক ক্ষতি হবে তার প্রভাব পড়তে পারে অন্তত ২ কোটি ৮০ লাখ মানুষের ওপর, যাদের বেশির ভাগ উন্নয়নশীল দেশগুলোর বাসিন্দা। তারা ২০৫০ সালের মধ্যে দারিদ্র্যের কবলে পড়তে পারে।
বিশ্বব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক দিন আগে। গতকাল ২০ সেপ্টেম্বর অধিবেশন শুরু হয়েছে। এই সাধারণ পরিষদের অধিবেশনে আজ বুধবার অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কথা আছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ডিজিজ ডাইনামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি) নামে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একটি থিঙ্ক ট্যাঙ্ক এ ব্যাপারে জাতিসংঘকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর সদস্য হিসেবে এখন নিউইয়র্কে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. সায়েদুর রহমান। বিশ্বব্যাংকের প্রতিবেদন সম্পর্কে তিনি টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘অনেক ওষুধে কাজ হচ্ছে না বলে সংক্রমণে মৃত্যু আগের চেয়ে বেড়েছে। ওষুধ কাজ করছে না বলে হাসপাতালে অবস্থানের সময় বেড়েছে। এতে রোগীর চিকিৎসা ব্যয়ও বেড়েছে। এসব কারণে একদিকে উৎপাদনশীলতা কমছে, পাশাপাশি অন্য খাতের সম্পদ চিকিৎসা খাতে ব্যবহার করা হচ্ছে।’
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘এই অর্থনৈতিক হুমকির মাত্রা এবং ধরন অনেক কষ্টার্জিত উন্নয়নের অর্জনকে ধ্বংস করে দিতে পারে এবং আমাদের অতিদারিদ্র্য বিমোচন এবং অভিন্ন উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যগুলো থেকে দূরে সরিয়ে দিতে পারে। এই অবস্থায় নিষ্ক্রিয় থাকলে যে পরিমাণ মাশুল দিতে হবে, তা আমাদের সামর্থ্যের বাইরে—বিশেষত দরিদ্রতম দেশগুলোর জন্য। এই জরুরি সমস্যা মোকাবিলায় আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’
এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ কী করছে, জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক আবুল খায়ের মো. শামছুজ্জামান প্রথম আলোকে বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ বিষয়ে সম্পূর্ণ পৃথক পরিকল্পনা হাতে নেওয়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিয়ে ইতিমধ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের সচেতন করার কাজও চলছে।
বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে ২০১৭ থেকে ২০৫০ সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতির সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ওষুধ প্রতিরোধী সংক্রমণজনিত কারণে জিডিপি, বৈশ্বিক দারিদ্র্য, বিশ্ববাণিজ্য, স্বাস্থ্যসেবা ব্যয় এবং প্রাণিসম্পদ উৎপাদনের ওপর নেতিবাচক বিভিন্ন প্রভাব পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এ রকম দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, নেপাল, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া প্রভৃতি।
ওষুধ প্রতিরোধী সংক্রমণের বিস্তার ঠেকাতে না পারলে অনেক সংক্রামক রোগ আবারও চিকিৎসার আওতার বাইরে চলে যাবে। ফলে জনস্বাস্থ্যের ১০০ বছরের অগ্রগতির চিত্র উল্টে যাবে। এ ধরনের সংক্রমণের বিষয়ে এক দিনের একটি বিশেষ অধিবেশনের আয়োজন করেছে জাতিসংঘ। এ নিয়ে চতুর্থবার স্বাস্থ্য বিষয়ে সাধারণ পরিষদ এতটা গুরুত্ব দিচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং ওষুধ প্রতিরোধী সংক্রমণ নিয়ে রাষ্ট্রপ্রধানেরা আলোচনা করবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, ‘বিশ্বজুড়ে ওষুধ প্রতিরোধী সংক্রমণ বৃদ্ধির সমস্যাটি দ্রুত এবং গুরুত্বসহকারে প্রতিরোধ না করলে সেটা মানুষ ও পশুপাখির স্বাস্থ্যের জন্য বিপর্যয় ডেকে আনবে। পাশাপাশি খাবার উৎপাদন এবং বৈশ্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।