ওষুধ ফেলে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের ওষুধ ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ঘটনা খতিয়ে দেখতে গতকাল রোববার তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত শনিবার প্রথম আলোতে ‘হূদেরাগ ইনস্টিটিউট ওষুধ ফেলে দিচ্ছে’ শিরোনামে খবর ছাপা হয়। এরপর স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের নির্দেশে সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সুভাষ চন্দ্র সরকারকে কমিটির আহ্বায়ক করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-১) লুৎফুল কবির ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (হাসপাতাল-৩) মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী।গতকাল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন কারও অবহেলার কারণে কোনো সরকারি হাসপাতালের ওষুধের অপচয় বা কোনোরকম ক্ষতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রী সরকারি হাসপাতালে সরবরাহ করা ওষুধের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হাসপাতালের প্রশাসনকে নির্দেশ দেন। এ কথা হাসপাতালের প্রশাসনের কাছে পৌঁছে দিতে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। এদিকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী প্রকাশিত খবরের প্রতিবাদ করে বলেন, এসব ওষুধ গত তিন বছরে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তিনি ২০১০ সালের ফেব্রুয়ারিতে পরিচালকের দায়িত্ব পান। মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধগুলো তাঁর সময়ের নয়। প্রতিবেদকের বক্তব্য: হাসপাতালের কাগজপত্রে দেখা যায়, বর্তমান পরিচালক দায়িত্ব নেওয়ার পর ২০১০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়। এ-সংক্রান্ত কাগজপত্র প্রথম আলোর কাছে আছে।