ওষুধ বাজারে আনছে ডায়াবেটিক সমিতি
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ব্যবসায়িক প্রতিষ্ঠান সানম্যান গ্রুপের সঙ্গে মিলে নতুন একটি ওষুধ কোম্পানি তৈরি করেছে। আজ রোববার ‘সানম্যান-বারডেম ফার্মা’ নামের এই কোম্পানির তিনটি ব্র্যান্ডের ওষুধের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
নতুন ওষুধ কোম্পানির লোগো ও তিনটি ব্র্যান্ডের ওষুধের মোড়ক উন্মোচন উপলক্ষে আজ দুপুরে রাজধানীর বারডেম মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ।
আগামী মাস থেকে সানম্যান-বারডেম ফার্মার ওষুধ বিপণন শুরু হবে সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বারডেমের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ডায়াবেটিসের ওষুধ ছাড়াও অন্য সব ধরনের ওষুধ এই নতুন কোম্পানি তৈরি করবে। প্রথম দিকে সমিতির আওতাভুক্ত হাসপাতালগুলোর মাধ্যমে এই ওষুধ রোগীরা পাবে। পর্যায়ক্রমে দেশের সব স্তরের চিকিৎসকদের কাছে এই ওষুধ পৌঁছানো হবে।