ওষুধ বিক্রয় প্রতিনিধিসহ ৩৯ জনকে র‍্যাবের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ওষুধ কোম্পানির ২৭ জন বিক্রয় প্রতিনিধিসহ ৩৯ জনকে সাজা দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার শেরেবাংলা নগর এলাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে (চক্ষু হাসপাতাল) র‍্যাবের অভিযান শেষে আদালত এই সাজা ঘোষণা করেন।
র‍্যাব জানিয়েছে, র‍্যাব-২-এর একটি দল পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করে। র‍্যাবের অভিযোগ, আটক ব্যক্তিরা রোগীদের প্রভাবিত করে পঙ্গু হাসপাতাল থেকে তাঁদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। এরপর সেখান থেকে কমিশন নেন। আটকের পর তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত দালাল চক্রের ১১ সদস্যকে ৭ থেকে ১০ দিন করে কারাদণ্ড ও একজনকে তিন হাজার টাকা জরিমানা করেন।
দালাল চক্রের সদস্যরা হলেন মো. ডালিম (২০), মো. আজম (২৫), মো. জহির (২৭), জহুরুল হক (৪২), আমির হোসেন (২৬), ইউসুফ আহমেদ (২৫), সিদ্দিকী মাহমুদ (৩৬), মো. ফারুক (২৫), মো. বাবু (৩৫), মো. সোহেল চৌধুরী (২৮), খলিলুর রহমান (২৮) ও আবুল হোসেন (৪৬)।
এ ছাড়া চক্ষু হাসপাতালের বিভিন্ন ফ্লোর ও বহির্বিভাগে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে হাসপাতালের কর্মচারীদের টেবিল দখল, রোগীর জন্য নির্ধারিত চেয়ারে বসে বা ব্যাগ দিয়ে দখল করে রাখা, চিকিৎসকের চেম্বারে অবস্থান করে চিকিৎসা কার্যক্রম বিলম্বিত ও বিঘ্নিত করা, সরকারি ওষুধের বিকল্প ওষুধ ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) অন্তর্ভুক্ত করা এবং রোগীদের বিরক্ত, হয়রানি ও প্রলুব্ধ করার প্রমাণ পান আদালত। পরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বিক্রয় প্রতিনিধিদের এ ধরনের কর্মকাণ্ডে নিরুৎসাহিত করার জন্য ২৭ জনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে র‍্যাব-২-এর উপপরিচালক মেজর মোহাম্মদ আলী ও সহকারী পরিচালক এএসপি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।