ওষুধ ব্যবসায়ীদের জরিমানা করায় অনির্দিষ্টকালের ধর্মঘট
রাজবাড়ীতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীদের জরিমানা করেন।
রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জীতেন্দ্র কুমার নাথ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শহরের স্টেশন রোডের পাঁচতলা মোড়ের সামনে অবস্থিত মেডিসিন স্টোরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের ওষুধসহ অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ রাখায় দোকান মালিক আবু সাইদকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দোকানের কর্মচারী টগরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এরপর অঞ্জন স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে অঞ্জন কুমার পালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনার পর শহরে ওষুধের অন্য দোকানের মালিকেরা রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবদুর রউফ জানান, প্রশাসন ক্ষমা না চাওয়া পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় ওষুধের সব দোকান বন্ধ থাকবে।