ওষুধ ব্যবসায়ীদের হামলায় পণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ওষুধ ব্যবসায়ীদের হামলায় পণ্ড হয়ে গেছে ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের লক্ষ্মীপুর মোড়ে এ ঘটনায় হামলাকারীরা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার র্যাং ক ব্যাজ ছিঁড়ে ফেলেন এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন। পরে তাঁরা নগরের লক্ষ্মীপুর মোড়ে ওষুধের সব দোকান বন্ধ করে দেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার ওষুধ ব্যবসায়ীদের দোকানে ফায়ার লাইসেন্স যাচাইয়ের জন্য অভিযান চালান ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালত। তাঁদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন নগরের বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন। ছিল পুলিশের চার সদস্যের একটি দল। রাজশাহী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নূরুল ইসলাম বলেন, নগরের ‘ওল্ড রাজশাহী ফার্মেসি’র ফায়ার লাইসেন্স ও নিয়ম অনুযায়ী অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন।নূরুল ইসলাম বলেন, ফার্মেসির লোকজন জরিমানা না দিয়ে অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে তাঁরা লোকজন জড়ো করে মিছিল শুরু করেন। এর পরপরই ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের ধাক্কা দিয়ে দোকানের সামনে থেকে সরিয়ে দিতে থাকেন। একপর্যায়ে ব্যবসায়ীরা মারধর করে তাঁর র্যাং ক ব্যাজ ছিঁড়ে নেন।