ওষুধ ব্যবসায়ীরাও ডাক্তার!
হামিদুজ্জামান, মোতালেব হোসেন, ফারুক হোসেন, উপেন্দ্রনাথ মণ্ডল, পিন্টু সরকার ও গৌরাঙ্গ শিকদার—বিধি অনুযায়ী এঁরা কেউই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। কিন্তু তাঁরা প্রত্যেকেই ডাক্তার পদবি ব্যবহার করে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।মাদারীপুরের কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে গিয়ে এ কথা জানা যায়। সরেজমিনে দেখা যায়, বাজারে হামিদুজ্জামানের মেসার্স হামিদুজ্জামান ফার্মেসি, মোতালেব হোসেনের সুমাইয়া ফার্মেসি, ফারুক হোসেনের সততা মেডিকেল অ্যান্ড ডিজিটাল স্টুডিও, উপেন্দ্রনাথ মণ্ডলের সুজন মেডিকেল হল, পিন্টু সরকারের রাজেন্দ্র মেডিকেল হল ও গৌরাঙ্গ শিকদারের গৌরাঙ্গ মেডিকেল হল নামে ফার্মেসি রয়েছে। সেখানে তাঁরা ওষুধ বিক্রির পাশাপাশি রোগীদের চিকিৎসা দেন। তাঁরা প্রত্যেকেই দোকানের সাইনবোর্ডে তাঁদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছেন।খোঁজ নিয়ে জানা যায়, হামিদুজ্জামান ও মোতালেব হোসেনের ফার্মাসিস্টের সনদ রয়েছে। ফারুক হোসেনের ফার্মাসিস্টের সনদ কিংবা পল্লি চিকিৎসার প্রশিক্ষণ কোনোটিই নেই। উপেন্দ্রনাথ মণ্ডল, পিন্টু সরকার ও গৌরাঙ্গ শিকদারের ফার্মাসিস্টের সনদ ও পল্লি চিকিৎসার প্রশিক্ষণ রয়েছে। বিধি অনুযায়ী তাঁরা কেউই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। কিন্তু তাঁরা ডাক্তার পদবি ব্যবহার করছেন।সততা মেডিকেল অ্যান্ড ডিজিটাল স্টুডিওর চিত্র অন্য ফার্মেসিগুলোর চেয়ে কিছুটা ভিন্ন। সেখানে ওষুধের পাশাপাশি ছবি তোলা, মুঠোফোনে গান ও রিংটোন ডাউনলোড, কম্পিউটার প্রশিক্ষণ, কম্পোজসহ নানা ধরনের কাজ করা হয়। এ দোকানের মালিক ফারুক হোসেন বলেন, চিকিৎসা ও ওষুধ বিক্রির পাশাপাশি অন্য কিছু করলে ব্যবসা ভালো হয়।হামিদুজ্জামান ১৯৯৫ সালে পল্লি চিকিৎসকের সনদ নিয়ে ওষুধের ব্যবসা শুরু করেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেন। ব্যবস্থাপত্রে লেখা ওষুধ তাঁর কাছ থেকেই কিনতে হয়। মোতালেব হোসেনের কাছে নামের আগে ডাক্তার পদবি লেখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই লেখে, তা দেখে আমিও লিখেছি।’গৌরাঙ্গ শিকদার সাইনবোর্ডে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি ব্যবহার করলেও তিনি ডিপ্লোমা করেননি বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ডাক্তার পদবি ব্যবহারের নিয়ম না থাকলে আমি আর ব্যবহার করব না।’স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘অসুখ-বিসুখ হইলেই তাগো কাছে যাই। ৫০ থেকে ১০০ টাকা ভিজিট নেয়। ওষুধের নাম লেইখা নিজের ফার্মেসি থিকা ওষুধ দিয়া দেয়। ভালো অইলে ভালো, না অইলে আবার বড় ডাক্তার দেহাই।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মসিউর রহমান বলেন, ‘পল্লি চিকিৎসক বা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহারের সুযোগ নেই। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ২০১০ সালের জারি করা বিধি অনুযায়ী পল্লি চিকিৎসক কিংবা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। যদি কেউ তা করেন, তাহলে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং জেল হতে পারে।’মাদারীপুরের সিভিল সার্জন মো. নোমান চৌধুরী বলেন, ‘এরা চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। ওপরের নির্দেশ পেলে আমরা এদের বিরুদ্ধে অভিযান চালাব।’