ওষুধ ভেবে কীটনাশক পানে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে শাহ আলম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাবার নাম আবদুল আজিজ। জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্বজনেরা দাবি করেছেন। এ ব্যাপারে জুড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার এজাহার, পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, শাহ আলম কৃষিকাজ করতেন। তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। এজাহারে বলা হয়েছে, তাঁর ঘরের টেবিলে জ্বরের ওষুধের পাশে কীটনাশকের বোতল রাখা ছিল। গত সোমবার রাত ১১টার দিকে তিনি ওষুধ ভেবে কীটনাশক সেবন করেন। একপর্যায়ে বমি শুরু করলে স্বজনেরা তাঁকে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে গতকাল সকালে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে শাহ আলমের ভগ্নিপতি তইমুজ আলী দুপুর ১২টার দিকে থানায় এজাহার দেন। এর পরিপ্রেক্ষিতে অপমৃত্যুর মামলা হয়। শাহ আলম প্রায় সাত মাস আগে বিয়ে করেন।
জুড়ী থানার উপপরিদর্শক নূরুল হক হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘তবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।’ নিহত শাহ আলমের সঙ্গে পরিবারের কারও কলহ ছিল না বলে জানিয়েছেন তাঁর বাবা মো. আজিদ।