ওষুধ ভেবে দেড় বছর বয়সী অসুস্থ মেয়ের মুখে কীটনাশক তুলে দিয়েছিলেন বাবা। এতে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। গত শুক্রবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালিস্থান গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়েটির নাম জাহিয়া খাতুন। তাঁর বাবার নাম জহুরুল ইসলাম। তিনি পড়াশোনা জানেন না। তাঁর বাড়ি কালিস্থান গ্রামে। গত শনিবার সকালে লালমনিরহাট মর্গে ময়নাতদন্তের পর বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জ্বরে আক্রান্ত জাহিয়া খাতুনের জন্য ওষুধ এনে ঘরের টেবিলের ওপর রাখেন জহুরুল ইসলাম। একই টেবিলে বেগুনের পোকা মারার কীটনাশকের বোতল ছিল। রাতে জ্বর বেড়ে গেলে জহুরুল ওষুধ ভেবে জাহিয়াকে কীটনাশক খাইয়ে দেন। এতে আরও অসুস্থ হয়ে পড়লে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে কাঁদতে কাঁদতে জহুরুল বলছিলেন, ‘মুই যদি লেখাপড়া জান্নু (জানতাম) হয়, মোর ছাওয়া ওষুধ না খাওয়্যা বিষ খাওয়ানো হায়?’
আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।