ওষুধ শিল্পপার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ২০০ একর জমির ওপর ওষুধ শিল্পপ্রতিষ্ঠান এপিআই শিল্পপার্ক নির্মাণ করা হবে। ইতিমধ্যে এই কারখানা নির্মাণে শিল্প মন্ত্রণালয় ১৯২ দশমিক ৫৫ একর জমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গতকাল রোববার বিকেলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বাউশিয়ায় অধিগ্রহণ করা জমি পরিদর্শন করে এসব কথা বলেন। দিলীপ বড়ুয়া বলেন, এপিআই শিল্পপার্ক স্থাপন করা হলে আন্তর্জাতিক ও দেশীয় বাজারে ক্রমবিকাশমান ওষুধশিল্পকে প্রতিযোগিতায় সক্ষম করা সম্ভব হবে। এ শিল্পের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ আমদানিনির্ভর কাঁচামাল দেশে উত্পাদনের সুযোগ সৃষ্টি হবে। এমনকি বিশ্ববাজারে ওষুধ রপ্তানি আরও বৃদ্ধি পাবে। তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই শিল্পপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় শিল্পমন্ত্রীর সঙ্গে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বিসিক শিল্পপ্রতিষ্ঠানের চেয়ারম্যান আফসার মোহাম্মদ ইকবাল, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে অর্থনীতিবিদ পবন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।