ওষুধ সেবনে শিশু মৃত্যুর অভিযোগ, দোকানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ তুলে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় কলেজ রোডের একটি ওষুধের দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই দোকানের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্র দাবি করে, দেওয়ানপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী নূর আলমের সাড়ে চার বছরের ছেলে সাইফ দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছিল। গত রোববার তার মা ছালমা বেগম বাসার কাছেই স্থানীয় কলেজ রোডের চন্দ ফার্মেসি থেকে চিকিত্সকের পরামর্শে হোমিও ওষুধ নেন। সন্ধ্যা সাতটার দিকে তিনি সাইফকে ওই ওষুধ খাওয়ান। কিছুক্ষণের মধ্যেই সাইফ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিত্সার জন্য তাঁকে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।ওষুধ সেবনে শিশু মারা যাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চন্দ ফার্মেসিতে হামলা চালায়। এ সময় তারা ওষুধসহ দুটি আলমারি ও অন্যান্য আসবাবপত্র দোকানের বাইরে বের করে তাতে আগুন লাগিয়ে দেয়। দমকল-কর্মীরা ঘটনাস্থলে পৌঁঁছার আগেই ওষুধ ও অন্যান্য মালামাল পুড়ে যায়।ছালমা বেগম বলেন, ‘আমার ছেলেকে ভুল ওষুধ সেবন করিয়ে মারার জন্য ওই ফার্মেসি মালিক ও চিকিত্সকের বিচার চাই।’গতকাল সন্ধ্যায় ওই ওষুধের দোকানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, ফার্মেসির মালিক ও চিকিত্সক চন্দন কুমার গা-ঢাকা দিয়েছেন।জামালপুর সদর থানার উপপরিদর্শক দেলোয়ারা বেগম জানান, শিশু মৃত্যু এবং ওষুধের দোকানে অগ্নিসংযোগের ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।