ওষুধবিক্রেতার হাতে প্রাণ গেল শিশুটির
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরমালগাঁও গ্রামের সোহরাব মাদবরের ছেলে ইমরান হোসেনের (২) ঊরুর ওপর একটি ফোড়া হয়েছিল। গত সোমবার দুপুরে স্বজনেরা চিকিৎসার জন্য শিশুটিকে স্থানীয় বেতমোড়া বাজারের একটি ওষুধের দোকানে নিয়ে যান।
ওষুধবিক্রেতা দীপক মণ্ডল ফোড়াটি অস্ত্রোপচার করার জন্য ইমরানের শরীরে একটি ইনজেকশন দেন। মুহূর্তের মধ্যে শিশুটি অচেতন হয়ে পড়ে। ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দীপক মণ্ডলকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতমোড়া বাজারের ‘বেতমোড়া ফার্মেসি’ নামের ওই ওষুধের দোকানের মালিক সুনীল মণ্ডলের ছেলে দীপক মণ্ডল (২৭) শিশু বয়স থেকেই ফার্মেসিতে কাজ করে আসছেন। কোনো অভিজ্ঞতা না থাকলেও তিনি রোগীদের ছোটখাটো অস্ত্রোপচার করতেন। বেতমোড়া ফার্মেসিটির কোনো অনুমোদন (ড্রাগ লাইসেন্স) নেই। সোমবার দুপুরে শিশু ইমরানকে ওই ফার্মেসিতে নিয়ে গেলে দীপক ফোড়াটি অস্ত্রোপচার করার কথা বলেন। শিশুর স্বজনেরা এতে রাজি হলে দীপক তাকে ইনজেকশন দেন। এরপর শিশুটির খিঁচুনি ও মুখ দিয়ে লালা ঝরতে থাকে।
পুলিশ হেফাজতে থাকা দীপক মণ্ডল এ প্রতিবেদককে বলেন, তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এ রকম ছোটখাটো অনেক অস্ত্রোপচার করেছেন। কখনো এমন ঝামেলা হয়নি। শিশুটিকে ইনজেকশনের প্রায় ১০ সিসি পুশ করা হয়েছিল। মাত্রাটি বেশি হওয়ায় শিশুটির সমস্যা হয়েছে।
ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুছা খান বলেন, ইনজেকশনের মাত্রা বেশি হওয়ায় শিশুটি মারা গেছে। রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কেউ এভাবে চিকিৎসাসেবা দিতে পারেন না।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির ভূঞা বলেন, দীপক মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির নানা সোবাহান ঢালী বাদী হয়ে দীপক মণ্ডলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।