ওষুধের কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মাসিস্ট, কেমিস্ট কেউ নেই। ওষুধ উৎপাদনের কাজ করছেন কর্মচারীরা। আবার প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদনের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০১৪ সালের ডিসেম্বরে।
গতকাল সোমবার নগরের বাকলিয়া থানার কে বি আমান আলী সড়কের ‘মেসার্স উদয়ন ফার্মাসিউটিক্যাল’ ওষুধের কারখানায় অভিযান চালিয়ে এ অবস্থা দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। অভিযানে ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক আবদুল ওহাবকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স নবায়নের আগে কারখানা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, ওষুধের বোতলে মেয়াদ লেখা রয়েছে ২০১৭ সাল পর্যন্ত। তবে তার আগেই নষ্ট হয়ে গেছে ওষুধ। তাই পুরোনো ওষুধের বোতলে ২০১৬ সাল পর্যন্ত মেয়াদ থাকার লেবেল লাগানো হচ্ছে।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অভিযানে এই প্রতিষ্ঠানের অনেকগুলো অনিয়ম পাওয়া গেছে। নিবন্ধন ছাড়াই ওষুধ উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি।