ওষুধের জন্য নাকাল রোগীর স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। মূল ভবনের নিচতলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানে প্রচণ্ড ভিড়। প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থেকে ওষুধ কেনার পর সিঁড়ি দিয়ে দ্রুত ওপরে উঠছিলেন মো. বেলায়েত। তিনি বলেন, ‘আমার এক রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। দ্রুত ইনজেকশন ও অন্য ওষুধ আনতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু বাইরের দোকানগুলো বন্ধ। পরে এখান থেকে অনেক কষ্টে কিছু ওষুধ নিয়েছি। সব ওষুধ পাইনি।’
বেলায়েতের মতো অনেক রোগীর স্বজনকে গতকাল ওষুধের জন্য এ রকম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দোকানের মালিক ও কর্মচারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরের সব ওষুধের দোকান গতকাল ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত দোকান বন্ধ রাখেন মালিকেরা। কর্মসূচির কারণে বুধবার সকাল থেকে নগরের প্রায় পাঁচ হাজার ওষুধ দোকান বন্ধ রয়েছে।
চমেক হাসপাতালের একমাত্র ন্যায্যমূল্যের ওষুধের দোকানের ছয়-সাতজন বিক্রয়কর্মী ক্রেতাদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। গতকাল বেলা একটায় দেখা যায়, দোকানটির সামনে প্রায় শ খানেক ওষুধের ক্রেতা। কালাম নামে এক রোগীর স্বজন জানান, ব্যান্ডেজ ও ইনজেকশন কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তিনি।
২৪ নভেম্বর নগরের কে সি দে রোডে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দোকানে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জন দোকান মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতে তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার চট্টগ্রাম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশ থেকে রোববার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।
ড্রাগিস্ট সমিতির চট্টগ্রাম জেলা সভাপতি সমীর কান্তি সিকদার বলেন, ‘আমাদের মালিক-কর্মচারীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট চলছে। যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
সমিতির হিসাবে চট্টগ্রাম মহানগরে দুই হাজার ফার্মেসি রয়েছে। তবে বাস্তবে এটি দ্বিগুণেরও বেশি।
নগরের জামালখান, হাজারি গলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের দোকানগুলো বন্ধ থাকায় ওষুধ কিনতে এসেও ফিরে যেতে দেখা যায় রোগী ও স্বজনদের। বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে কথা হয় ওষুধ কিনতে আসা তপন হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, জামালখান থেকে ওষুধ কিনতে তিনি মেডিকেলে এলেন। মেডিকেলের সামনের সব দোকান বন্ধ দেখে পরে হাসপাতালের ভেতরে ন্যায্যমূল্যের দোকান থেকে তাঁর বাবার জন্য ওষুধ কিনে এখন আবার এখন জামালখান যাচ্ছেন।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে চমেক হাসপাতালের রোগীরা। খাদিজা বেগম নামে এক রোগী চমেক হাসপাতালের দন্ত বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দাঁতের অস্ত্রোপচার হওয়ার কথা। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খালা খাদিজার জন্য ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়েন শওকত হোসেন। তিনি বলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ন্যায্যমূল্যের দোকান থেকে ওষুধ সংগ্রহ করেছেন।
হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগে ভর্তি আছেন অঞ্জনা ধর। তাঁর স্বজন সমীর ধর দুপুর ১২টা থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও দোকানটির কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি।