ওষুধের দাম কমাতে সরকারের কার্যকর উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক নীতি সংলাপে বিশেষজ্ঞরা বলেছেন, স্বাস্থ্যসেবার মোট ব্যয়ের ৬৩ শতাংশ ব্যক্তি নিজে বহন করে। ব্যক্তির নিজস্ব ব্যয়ের ৬৬ শতাংশই চলে যায় ওষুধ কিনতে। তাঁরা বলেছেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য ওষুধের দাম কমাতে সরকারের কার্যকর উদ্যোগ দরকার।
একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘স্বাস্থ্যের সঙ্গে আমার কোনো রাজনীতি নেই। স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে রাজনীতি করা হবে না। স্বাস্থ্য খাতে যোগ্য লোককে যোগ্য জায়গায় দেওয়া হচ্ছে।’
গতকাল শনিবার রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের সেমিনার কক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এই নীতি সংলাপ আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। সংলাপে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, নীতিনির্ধারক, গবেষক, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। ওই দিন থেকে পরপর সাত দিন নানা অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসচেতন করাই এই সপ্তাহ পালনের উদ্দেশ্য।
মূল উপস্থাপনায় পিপিআরসির নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমান বলেন, এমডিজি অর্জনের মূল প্রেক্ষিত ছিল দারিদ্র্য বিমোচন। এসডিজির ক্ষেত্রে পরিপ্রেক্ষিত পাল্টেছে। নতুন পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, রোগের ধারা পরিবর্তন এবং স্বাস্থ্য ব্যয়ের মতো বিষয়গুলোতে বেশি জোর দিতে হবে।
আলোচনায় অংশ নিয়ে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ বুশরা আলম বলেন, কিছু কোম্পানি আগ্রাসী পন্থায় ওষুধ বিপণন করছে। কিছু ক্ষেত্রে জেনেরিক ও ব্র্যান্ড ওষুধের দামের পার্থক্য ৪০০ শতাংশ।
গণ স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ব্যক্তির নিজস্ব ব্যয় কমাতে হলে সরকারকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। ওষুধ বিষয়ে কোনো কমিটিতে কোম্পানির প্রতিনিধি না রাখার সুপারিশ করেন তিনি।
জীবনযাপন প্রণালি পরিবর্তন, কায়িক শ্রমের ঘাটতি ও জাঙ্ক খাবারের কারণে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে বলে অনুষ্ঠানে জানান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক আবদুল মালেক।
আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াটার এইডের দেশি প্রতিনিধি মো. খায়রুল ইসলাম বলেন, দুই দশক ধরে নগরস্বাস্থ্য প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়—এই দুই মন্ত্রণালয়ের মধ্যে ফেলে রাখায় স্বাস্থ্যবিধি কারও কাছেই গুরুত্ব পাচ্ছে না।
সাড়ে চার ঘণ্টার এই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে ব্যয়, নগর স্বাস্থ্য, স্বাস্থ্য তথ্যের মান ও ব্যবহার, রোগ প্রতিরোধ এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা হয়। গত বছর একই ধরনের একটি সম্মেলনের আয়োজন করেছিল পিপিআরসি। সেই সম্মেলনে উপস্থাপিত বিভিন্ন প্রবন্ধ ও বক্তব্য নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গতকাল অন্যান্য অতিথির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সেই পুস্তিকার মোড়ক উন্মোচন করেন।