ওষুধের দাম নিয়ে অরাজকতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধের দাম ও মান নিয়ে দেশে অরাজকতা চলছে। কিন্তু সমস্যা সমাধানে সরকার বা সংশ্লিষ্ট মহলের উদ্যোগ নেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।‘ওষুধের মূল্য, গুণগত মান ও ওষুধনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। বিজ্ঞান সংস্কৃতি পরিষদ গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করে।মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক মুনীরউদ্দিন আহমদ বলেন, দেশে ওষুধশিল্পের উন্নতির ফলে উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হলেও দরিদ্র মানুষের সুলভ মূল্যে গুণগতমানসম্পন্ন ওষুধপ্রাপ্তি নিশ্চিত করা যায়নি। ওষুধ প্রস্তুতকারকেরা বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ওষুধের দাম কম। কিন্তু কথাটি সর্বাংশে সত্যি নয়।অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, ১৯৮২ সালের ওষুধনীতির কারণে বাংলাদেশে ওষুধশিল্পের বিকাশ ঘটেছে। সামরিক সরকার ক্ষমতায় ছিল বলে ওই ওষুধনীতি করা সম্ভব হয়েছিল। মুনীরউদ্দিন আহমদ বলেন, ‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে স্বার্থান্বেষী মহল, বিশেষ করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও চিকিৎসকদের দাপট বাড়ে; স্বার্থসংশ্লিষ্ট সংঘাতও বাড়ে।’ তিনি আরও বলেন, ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধেরও দাম বেড়েছে। এই অরাজক পরিস্থিতি নিয়ে সরকার বা সংশ্লিষ্ট মহলের কোনো মাথাব্যথা নেই।খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মনসুর মুসা। তিনি বলেন, কোম্পানিগুলো ওষুধের মোড়কে বা নির্দেশাবলিতে বাংলা লেখে না, ফলে সাধারণ মানুষ তা বুঝতে পারেন না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘ওষুধের মান, মূল্য ও এর ফলাফল নিয়ে গবেষণালব্ধ তথ্য আমরা পাচ্ছি না। এ ক্ষেত্রে কী ঘটছে, তা সংবাদমাধ্যম থেকে জানতে হচ্ছে।’খাদ্য ও ওষুধের ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করেন প্রকৌশলী জিয়াউল হক।অনুষ্ঠানের সভাপতি ভাষাসৈনিক আহমদ রফিক বলেন, বিগত দুই দশকে দেশের প্রথম শ্রেণীর কয়েকটি ওষুধ কোম্পানি বহুজাতিক কোম্পানির চরিত্র ধারণ করেছে। প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে কোম্পানিগুলো ১০০ থেকে ৩০০ গুণ লাভ করছে। নিম্নমানের ও ভেজাল ওষুধ খেয়ে মানুষ চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছে। এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ জরুরি। বিজ্ঞান সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।