ওষুধের দোকান ও আইসক্রিম কারখানা সিলগালা
আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ গরু মোটাতাজাকরণের ওষুধ বিক্রি করার দায়ে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সৎসংঘ সরণি স্টেডিয়াম পাড়ায় নীল ড্রাগ হাউস নামের একটি ওষুধের দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাকলিয়ার রাজাখালী এলাকার ফ্রেশকো আইসক্রিম ফ্যাক্টরিও বন্ধ করে দেওয়া হয়েছে। পোলার আইসক্রিমের লোগো ব্যবহার করে এরারুট ও কনডেনসড মিল্ক দিয়ে কারখানাটিতে নকল আইসক্রিম বানানো হতো।
গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এই অভিযানের নেতৃত্ব দেন। বাকলিয়া থানা-পুলিশ অভিযানে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, নীল ড্রাগ হাউসে অভিযান শুরুর সময়ই এর মালিক পালিয়ে যান। পরে সেখানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। দোকানের মালিক এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি স্বাস্থ্য ভালো করার ওষুধ হিসেবে রোগীদের গরু মোটাতাজাকরণের ওষুধ খেতে দিতেন। অভিযানের সময় মালিক পালিয়ে যাওয়ায় আর্থিক জরিমানা করা যায়নি। তবে দোকান সিলগালা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পোলার আইসক্রিমের লোগো ব্যবহার করে ফ্রেশকো আইসক্রিম ফ্যাক্টরি নামের একটি কারখানায় নকল কাপ আইসক্রিম তৈরি করা হতো। এসব আইসক্রিম তৈরির উপকরণ ছিল অত্যন্ত নিম্নমানের। কারখানায় অভিযান চালানোর সময় মালিকপক্ষ পালিয়ে যায়। কারখানাটি সিলগালা করা হয়েছে।