ওষুধের দোকান থেকে ফরমালিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আজিজ কো-অপারেটিভ মেডিসিন অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট মার্কেটে অভিযান চালিয়ে ৬৮ বোতল (প্রতিটি ৩৫০ থেকে ৫০০ মিলিলিটার) ফরমালিন উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন৷
অভিযানের সময় নয়টি দোকান থেকে নয়জন কর্মচারীকে আটক করা হয়৷ পরে সিটি করপোরেশন আইন অনুসারে প্রতিটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, চিকিৎসার (মূলত অস্ত্রোপচার) কাজে চিকিত্সকদের চাহিদা অনুযায়ী নিয়ম মেনেই এসব দোকানে ফরমালিন বিক্রি করা হয়৷
পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মোহাম্মদ অতুল মণ্ডল৷ তিনি বলেন, সিটি করপোরেশন আইনে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যের কাছে বিপজ্জনক দ্রব্য বিক্রির দায়ে এসব বোতল উদ্ধার এবং নয়জনকে আটক করা হয়েছিল। তিনি আরও বলেন, নির্দিষ্ট ক্রেতার বাইরে এসব দোকান থেকে ফরমালিন বিক্রি করা হচ্ছিল। এ প্রসঙ্গে তিনি জানান, গত সোমবার তিনি ফরমালিন কেনার জন্য ওই মার্কেটে একজনকে পাঠিয়েছিলেন। কারণ জিজ্ঞেস না করেই তাঁর কাছে ফরমালিন বিক্রি করেন দোকানি।
মেডিকেল ইকুইপমেন্ট মার্কেট কমিটির সভাপতি হাসমতউল্লাহ নবী বলেন, প্রতিদিন পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিত্সকদের ব্যবস্থাপত্রে ফরমালিনের উল্লেখ থাকে৷
যেসব দোকান থেকে ফরমালিন উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে অভি ড্রাগ হাউস ও জনপ্রিয় ফার্মেসির দুজন মালিক ফরমালিন কেনার চালান এই প্রতিবেদককে দেখান৷ তাঁরা অভিযোগ করেন, অভিযান পরিচালনাকারীরা কোনো কাগজ দেখতে চাননি৷
তবে অতুল মণ্ডল বলেন, কোনো দোকানি ফরমালিন ক্রয় এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে পারেননি।
উদ্ধার করা ফরমালিন দুটি কোম্পানির বাজারজাত করা৷ নাজিফা কেমিক্যাল করপোরেশনের বোতলে লেখা ‘১০% বিএনএফ সলিউশন-এনসিসি’৷ নাফিজা কেমিক্যালের ব্যবস্থাপক বাবুল মিয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রোপচারের কাজে বিএনএফ দ্রবণ প্রয়োগ হয়৷ ওষুধের দোকানে এটি সরবরাহ করি৷’
নাসির কেমিক্যাল করপোরেশনের সরবরাহ করা ফরমালিনের বোতলে লেখা ‘এফ সলিউশন’৷
জানতে চাইলে বিএসএমএমইউর গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম কাজল বলেন, ‘১০% বিএনএফ সলিউশন (দ্রবণ) আমি নিয়মিত ব্যবহার করি৷ খুব কম অস্ত্রোপচারই আছে, যেখানে ফরমালিন দরকার হয় না৷’