ওষুধের দোকান থেকে হাতবোমা ও গুলি উদ্ধার
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারের একটি ওষুধের দোকান (ফার্মেসি) থেকে তিনটি তাজা হাতবোমা (ককটেল) ও একটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি সূত্রের তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ভোররাতে সেনবাগ থানার পুলিশ ওই বিস্ফোরক ও গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।জানতে চাইলে হাতবোমা ও গুলি উদ্ধারের কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান। গতকাল দুপুরে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত রোববার গভীর রাতে কুতুবেরহাট এলাকা থেকে তাঁকে ফোন করে জানানো হয়, ওই বাজারে মঞ্জুর মোর্শেদ নামের এক ব্যক্তির ওষুধের দোকানে কয়েকটি হাতবোমা ও গুলি রয়েছে। এর বেশি কিছু ওই ব্যক্তি জানাতে পারেননি।এরপর রাত পৌনে চারটার দিকে থানার উপপরিদর্শক গৌতম চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে ওই ব্যবসায়ীর ভাইকে ডেকে এনে দোকানের তালা ভেঙে ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি তাজা হাতবোমা ও একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরক ও গুলির সঙ্গে দোকানের মালিকের সম্পৃক্ততা কতটুকু কিংবা কেউ উদ্দেশ্যমূলকভাবে সেখানে সেগুলো রেখে গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।