ওষুধের দোকানে চলে ডাকঘরের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের আক্তার হোসেন সম্প্রতি চাকরির আবেদন পাঠাতে তাঁর এলাকার ডাকঘরে যান। রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে গিয়ে দেখেন ডাকঘরের স্থানটিতে আবর্জনার স্তূপ। পাশে খোঁজ নিয়ে জানতে পারেন ওই বাজারে পোস্টমাস্টারের ওষুধের দোকানে ডাকঘরের কার্যক্রম চলে। পরে সেখানে গিয়ে তিনি চাকরির আবেদনটি পাঠান।
আক্তার হোসেন বলেন, বর্তমানে ডাকঘরের প্রয়োজনীয়তা কমে আসছে। তারপরও প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিঠি আদান-প্রদানে এখনো ডাকঘরের ওপর নির্ভরশীল। এলাকার মানুষের স্বার্থে ডাকঘরটি টিকিয়ে রাখা প্রয়োজন।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, বাঁকা বাজার ডাকঘরে সেবা নিতে আসা গ্রাহকদের বিড়ম্বনার শেষ নেই। ডাকঘরটি খুঁজে পেতে অনেককেই রীতিমতো হিমশিম খেতে হয়। ওষুধের দোকানে ভিড় হলে ডাকঘরে আসা লোকদের দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হয়। তা ছাড়া নিজস্ব ভবন না থাকায় ডাকঘরের অন্যান্য কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। বর্তমানে ডাকঘরকে পোস্ট-ই সেন্টার হিসেবে গড়ে তুলছে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডাকঘরগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে স্বল্প খরচে বিশেষ কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তা ছাড়া বিধবা ভাতা থেকে শুরু করে সরকারি বিভিন্ন ভাতা ডাকঘরের মাধ্যমেই পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কার্যক্রম পরিচালনার জন্য বাঁকা ডাকঘরেও দেওয়া হয়েছে তিনটি ল্যাপটপ ও প্রিন্টার। কিন্তু নিজস্ব ভবন না থাকায় এসব কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। ফলে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাঁকা ও আশপাশের এলাকার প্রায় ৫০ হাজার মানুষ।
বাঁকা বাজার ডাকঘরের পোস্টমাস্টার মো. আবদুর রাজ্জাক বলেন, ‘প্রায় ৫০ বছর আগে ডাকঘরটির কার্যক্রম শুরু হয়। প্রায় ১০ বছর ধরে এখানকার পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করছি। আগে খড়কুটা ও গোলপাতা দিয়ে তৈরি ঘরের মধ্যে শাখা ডাকঘরটির কার্যক্রম চলত। ২০০৯ সালে জরাজীর্ণ ঘরটি ভেঙে পড়ে। এরপর থেকে আমার ওষুধের দোকানে ডাকঘরের কার্যক্রম চলছে। ভবন পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদনও করলেও কোনো ফল মেলেনি।’
কোথাও ডাকঘরের ভবন তৈরি করতে কমপক্ষে তিন শতক জমির প্রয়োজন। তবে সেটা হতে হবে অনুদানের। কিন্তু বাঁকা বাজারে ওই পরিমাণ জমি না পাওয়ায় ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পাইকগাছা উপবিভাগ ডাকঘর পরিদর্শক শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বাঁকা বাজারে ডাকঘরের নতুন ভবন তৈরি করতে তিন শতক জমির প্রয়োজন। কিন্তু সেখানে আছে এক শতকেরও কম। এ জন্য সেখানে ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত জায়গা কেউ দান করলে, দ্রুত সম্ভব ভবন নির্মাণ করা হবে।’
রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ গোলদার বলেন, বাঁকা বাজারে দ্রুত ডাকঘরের ভবন নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি বাছাইয়ের কাজ চলছে।