ওষুধের দোকান চালানোর অনুমতিপত্র দিয়ে ১৯ বছর ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসিস্টের কাজ করে যাচ্ছেন তিনি। যোগ্যতা নিয়ে জালিয়াতি ছাড়াও হাসপাতাল থেকে ওষুধ সরানোর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এর আগে একই অভিযোগে তিনবার তদন্ত হলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।দৃশ্যত কর্তৃপক্ষের ধরাছোঁয়ার বাইরের এই ব্যক্তির নাম ফিরোজ আলম ভূঁইয়া। তবে ওষুধের অপব্যবহারের সাম্প্রতিকতম অভিযোগটির পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে স্টোরের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিরোজ আলম ভূঁইয়া তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। হাসপাতালের অন্য ফার্মাসিস্টরা একজোট হয়ে তাঁকে তাড়াতে চাইছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল গত এপ্রিল মাসে ছয় মাসের জন্য দুই-আড়াই কোটি টাকার ওষুধ কেনে। সেপ্টেম্বর পর্যন্ত ওই ওষুধে চলার কথা থাকলেও দুই মাস পরই তা শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তদন্তে তারা প্রমাণ পায়, ফিরোজ আলমের সহযোগিতায় একটি চক্র বহুদিন ধরে ওই ওষুধ বাইরে বিক্রি করছে। স্থানীয় সাংসদকে এ কথা জানানো হয়।ঘটনা খতিয়ে দেখতে গিয়ে কর্তৃপক্ষ আরও আবিষ্কার করে, ফার্মাসিস্ট ফিরোজ আলমের বিরুদ্ধে আগেও কমপক্ষে তিনবার তদন্ত হয়েছে। কিন্তু তদন্ত প্রতিবেদন কখনো আলোর মুখ দেখেনি। এমনকি তার কোনো রেকর্ডও হাসপাতালে নেই। জানা গেছে, স্টোর থেকে সরাসরি অন্তর্বিভাগ ও বহির্বিভাগে ওষুধ সরবরাহ করার কথা থাকলেও বহু বছর ধরে ফিরোজ আলম একটি ‘সাব-স্টোর’ তৈরি করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ১৯৯২ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর তদবিরে ফিরোজ আলম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে যোগ দেন। তিনি নিজেকে এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রিধারী ফার্মাসিস্ট বলে পরিচয় দিলেও এর সমর্থনে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কার্যকলাপ থেকে সহকর্মীরা ধারণা করতেন, তাঁর সনদ জাল। সর্বশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ফিরোজ আলমের প্রকৃতই একটি সনদ থাকলেও তা ওষুধের দোকান করার জন্য। হাসপাতালে কাজ করার জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্সধারী তিনি নন।হাসপাতালের কয়েকজন কর্মী জানিয়েছেন, ফিরোজ আলমের যোগ্যতা নিয়ে তাঁরা বহুবার হাসপাতাল কর্তৃপক্ষ, দুর্নীতি দমন কমিশন ও স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কোনো অগ্রগতি নেই। সর্বশেষ গত ১৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক সুবিমল সিংহ ঘটনা তদন্তে কুমিল্লা মেডিকেল কলেজে যান। হাসপাতাল সূত্র জানায়, ফিরোজ আলম ভূঁইয়ার ব্যক্তিগত ফাইলে শিক্ষাগত যোগ্যতা বা তাঁর বিরুদ্ধে আগে হওয়া তিনটি তদন্ত প্রতিবেদন—কোনো কিছুই নেই। এ ব্যাপারে জানতে চাইলে সুবিমল সিংহ তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিশ্চিত করেছে, ফিরোজ আলমের সনদটি কোনো ডিপ্লোমাধারী ফার্মাসিস্টের নয়। বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম স্বাস্থ্য অধিদপ্তর বরাবর লেখা এক চিঠিতে বলেছেন, ফিরোজ আলমের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা আদালতের শরণাপন্ন হবেন।