এইডসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘আইক্যাপ ১২’ থেকে এইচআইভি-এইডসের ওষুধের সহজ প্রাপ্তি ও এর পরীক্ষা-নিরীক্ষাকে আরও সহজ ও বিস্তৃত করতে সরকারি ও বেসরকারি খাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা এইচআইভি-সম্পর্কিত সব ধরনের বৈষম্য নিরসনে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার সম্মেলনের সমাপনী অধিবেশনে গৃহীত ‘ঢাকা ঘোষণা’য় এ আহ্বান জানানো হয়। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই সম্মেলন শুরু হয় গত শনিবার।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ শুরু থেকেই গুরুত্ব দিয়েছে বলে এইচআইভি ও এইডসের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, ১২তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা ‘আইক্যাপ ১২’ সম্মেলনে বাংলাদেশসহ ৫৬টি দেশের প্রায় আড়াই হাজার প্রতিনিধি অংশ নেন।
সমাপনী অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান উদ্ধৃত করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে এইচআইভির প্রকোপ ও ঝুঁকি কম। প্রাপ্তবয়স্কদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার শূন্য দশমিক ১ শতাংশের কম।
অনুষ্ঠানে ‘ঢাকা ঘোষণা’ পড়ে শোনান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এতে বলা হয়েছে, এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করতে হলে এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।
এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর (যৌনকর্মী, হিজড়া, পুরুষ সমকামী, মাদকাসক্ত, অভিবাসী, সংক্রমিত সাধারণ নারী) পক্ষ থেকে এই অধিবেশনে বিবৃতি উপস্থাপন করেন হাবিবা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম।