ওষুধ-মেশিন-জনবল সবই আছে, নেই শুধু সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনতে বরিশাল সিটি করপোরেশনে জনবল, ওষুধ ও স্প্রে মেশিন—সবই আছে। নেই শুধু সেবা। গরম শুরুর আগেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী।
ওয়ার্ড কাউন্সিলর ও নগরবাসীর অভিযোগ, মাসে এক-দুবার ওষুধ ছিটানো হয়। এতে মশার উপদ্রব অন্য সব দিনের চেয়ে ওই দিন বরং আরও বাড়ে। ধারাবাহিকভাবে ওষুধ না ছিটানোয় মশার উপদ্রব বন্ধ হচ্ছে না। কীটনাশক ও কয়েল জ্বালিয়েও মশার কামড় থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানায়, ৫৮ বর্গকিলোমিটার সিটি এলাকার মশা নিধনে ৬০টি হস্তচালিত স্প্রে মেশিন ও ৬০ জন কর্মী দেওয়া হয়েছে। নগরের ৩০ ওয়ার্ডে প্রতিদিন ওই কর্মীদের ওষুধ দেওয়ার কথা। এ ছাড়া মশার ওষুধ সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য প্রতি ওয়ার্ডে একজন তত্ত্বাবধায়ক ও একজন সহকারী রয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, অধিকাংশ ওয়ার্ডে মাসে এক দিন মশার ওষুধ দেওয়া হয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ছয়-সাত দিন, আবার কোনো ওয়ার্ডে একদমই দেওয়া হচ্ছে না। একাধিক কাউন্সিলর দাবি করেন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সহকারী মো. ইউসুফ আলী বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে ওষুধ, মেশিন ও জনবল দেওয়া হয়েছে। তারা ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশ মোতাবেক প্রতিদিন মশার ওষুধ দেবে। পুরো বিষয়টি কাউন্সিলরের নিয়ন্ত্রণে।’
নগরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল হক বলেন, ‘পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে না। তাই আমার ওয়ার্ডে প্রতি মাসের ৫ তারিখ মশার ওষুধ দেওয়া হয়। মাসে এক দিন ওয়ার্ডের সব স্থানে ওষুধ দেওয়া সম্ভব হয় না। যার কারণে মশার উপদ্রব কমছে না।’
নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, ‘রাত-দিন সমানতালে মশার উপদ্রব বাড়ছে। মশার ওষুধ ঠিকভাবে দেওয়া হচ্ছে না। আমার বাসায় দিনের বেলায়ও মশারি টাঙিয়ে বাচ্চাদের পড়াতে হয়।’ নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় কুমার বলেন, ‘মাসে একবার মশার ওষুধ দিতে দেখি। তবে যেদিন ওষুধ দেওয়া হয়, সেদিন মশার উপদ্রব বেশি বাড়ে। বাইরে ওষুধ দেওয়ায় মশা সব ঘরের ভেতরে চলে আসে।’
২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানজিল হাসান জানান, গত এক মাসে ওষুধ দিতে দেখা যায়নি। এ ছাড়া জেলখালটি পরিষ্কার না করায় সেখান থেকে মশার জন্ম হচ্ছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গরমের কারণে মশার উপদ্রব কিছুটা বেড়েছে। অর্থসংকট থাকা এবং নিজস্ব অর্থায়নে মশার ওষুধ কেনার কারণে কিছুটা সমস্যা রয়েছে। ওষুধ যা আছে তা সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, তা তদারক করা হবে। এ ছাড়া মশার উপদ্রব কমাতে দ্রুত নগরের নালা ও খালগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।