ওসমান গনির জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক ক্ষতিসাধনের একটি মামলায় বহুল আলোচিত সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির জামিন নামঞ্জুর হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত গত মঙ্গলবার তাঁর জামিন নামঞ্জুর করেন। বন বিভাগের চাকরিচ্যুত নৌকাচালক (বোটম্যান) ইউসুফ আলী বাদী হয়ে মানহানি এবং মানসিক ও আর্থিক ক্ষতি করার অভিযোগে ২০০৮ সালের ২৮ জুলাই পাথরঘাটার আদালতে সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিসহ বন বিভাগের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেন। গত ৮ জুলাই মামলা দুটিতে ওসমান গণিকে সশরীরে পাথরঘাটা আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। ৩০ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বরগুনা জেলা কারাগারে আনা হয়।আদালত সূত্র জানায়, মঙ্গলবার বেলা একটার দিকে ওসমান গনিকে বরগুনা জেলা কারাগার থেকে পাথরঘাটা আদালতে নেওয়া হয়। আদালতে ওসমান গনির পক্ষে তাঁর আইনজীবী মানহানির মামলাটি খারিজের আবেদন করেন। অপর মামলায় ওসমান গনিকে জামিন ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মানহানির মামলাটি খারিজ করেন। অপর মামলায় ওসমান গনির জামিন নামঞ্জুর করেন আদালত। তবে ব্যক্তিগত হাজিরা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।