চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় গ্রেপ্তার ওসমান গণিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ওসমানকে গ্রেপ্তার করা হয়। তিনি বিগত ইউপি নির্বাচনে আবছারের প্রতিদ্বন্দ্বী ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (দক্ষিণ) নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে পেশাদার খুনিরা জড়িত থাকতে পারে। দক্ষিণ চট্টগ্রামের অতীতের ঘটনাগুলো এ ধরনের ইঙ্গিত দেয়। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া ওসমানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সাতকানিয়া থানার পুলিশ জানায়, নুরুল আবছার নিহত হওয়ার পর নলুয়া ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম নুরুল আবছারের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।