ওসমান পরিবারকে ফের দায়ী করলেন রাব্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর খুনের জন্য তাঁর বাবা রফিউর রাব্বি আবারও ওসমান পরিবারের চার সদস্যকে দায়ী করেছেন। সাংসদ নাসিম ওসমান, তাঁর ছেলে আজমেরী ওসমান, ভাই সাবেক সাংসদ শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ত্বকীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আয়োজিত জনসমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি এই আহ্বান জানান। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই অসংখ্য মানুষ ওই সমাবেশে যোগ দেন।
রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যা মামলার বর্তমান তদন্তকারী সংস্থা র‌্যাব ও সরকারের একটি গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে, কীভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে ওসমান পরিবার জড়িত। ত্বকীকে কারা, কীভাবে অপহরণ করে আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ফেলেছে, গাড়ির চালক কে ছিল—সে সম্পর্কে বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়ার পর আজমেরী হত্যাকাণ্ডে জড়িত সবাইকে শপথ করান এই হত্যাকাণ্ডের ঘটনা যাতে বাইরে প্রকাশ না পায়।
রফিউর রাব্বি আরও বলেন, ‘ত্বকীর লাশ উদ্ধারের পাঁচ দিন পর ১৩ মার্চ বিকেল পাঁচটা ৪১ মিনিটে দুটি মুঠোফোনের রেকর্ড করা কথোপকথন পরে একটি গোয়েন্দা সংস্থা আমাকে শোনায়।’ রাব্বি বলেন, ১৩ মার্চ আজমেরী ওসমানের মুঠোফোন থেকে তাঁর বাবা নাসিম ওসমানের মুঠোফোনের কথোপকথনে শোনা যায়: নাসিম আজমেরীকে জিজ্ঞাসা করছেন, ‘ঘটনাটা কে ঘটিয়েছে।’ আজমেরীর উত্তর, ‘ছোটটা (অয়ন ওসমান)।’ নাসিম ওসমান বলেন, ‘তুমিও তো আছ। শুনলাম, একটা নাকি ধরা পড়েছে।’ আজমেরীর উত্তর, ‘সে জাতীয় ছাত্রসমাজ করে, আমার বন্ধু।’ নাসিম ওসমান বলেন, ‘তোমার আশপাশ পরিষ্কার করো, এখন আরও ধরা পড়বে।’ আজমেরী বলেন, ‘আমি এখন বেশি করে ঘোরাঘুরি করি, যাতে কেউ সন্দেহ না করে।’ নাসিম ওসমান বলেন, ‘সাবধান, ধরা পড়লে রাজনীতি শেষ হয়ে যাবে। তোমার জন্য আজও এক জায়গায় কোটি টাকা দিয়ে আসলাম।’
সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসায়ীরা ওসমান পরিবারকে চাঁদা দেওয়া বন্ধ করে বাসভাড়া দুই টাকা কমিয়েছেন। ত্বকীর খুনি শামীম ওসমান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জের মানুষ জেগে উঠেছে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ওসমান পরিবারের অপকর্মের কারণে নারায়ণগঞ্জে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় দৈনিক খবরের পাতা-এর সম্পাদক মাহবুবুর রহমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারীনেত্রী রিনা আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক অঞ্জন দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।