নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের উপনির্বাচনে সেলিম ওসমানকে প্রার্থী ঘোষণা করলেও শামীম ওসমানসহ তাঁর পরিবারের বিতর্কিত সদস্যদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে চাইছে জাতীয় পার্টি (জাপা)৷ দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, সম্প্রতি সাত খুন এবং এর আগে মেধাবী ছাত্র ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে সন্ত্রাস ও গুম-খুনের সারা দেশে ওসমান পরিবারের ভয়ংকর এক ভাবমূর্তি তৈরি হয়েছে৷ এ অবস্থায় ওই পরিবারের বিতর্কিত সদস্যদের নির্বাচনী প্রচারণায় মাঠে নামলে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে৷
এই আশঙ্কা থেকে ওসমান পরিবারের বিতর্কিত সদস্য সরকারদলীয় সাংসদ শামীম ওসমান, প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানসহ এ পরিবারের সদস্যদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখার চিন্তা করা হচ্ছে৷ তবে সরকারের অংশীদার ও ক্ষমতাসীন মহাজোটের শরিক দল হিসেবে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা নেওয়া হবে বলে জাপার উচ্চপর্যায়ের একটি সূত্র জািনয়েছে৷
এ বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টি দলগতভাবে সেলিম ওসমানের পক্ষে সার্বিক প্রচারণার দায়িত্ব নেবে৷ আমরা সব মহলের সমর্থন চাইব, কোনো ব্যক্তিবিশেষকে প্রাধান্য দেব না৷’
অবশ্য অনেক নাটকীয়তার পর শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমানকে মনোনয়ন দেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ৷ এ নিয়ে এরশাদ ও তাঁর স্ত্রী রওশন এরশাদের মধ্যে মন-কষাকষিও হয়৷ দলের সংসদীয় কমিটির সভায় এরশাদ ওসমান পরিবার থেকে, আর রওশন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ্কে প্রার্থী করার ব্যাপারে মত দিয়েছিলেন৷ রওশনপন্থী নেতারা মনে করেন, সাত খুনের ঘটনার পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ওসমান পরিবারের কাউকে মনোনয়ন দেওয়াটা ঠিক হয়নি৷
এ ছাড়া জাপার নেতাদের একটি অংশ মনে করেন, শামীম ওসমান ও নাসিম ওসমানের (সদ্যপ্রয়াত) কারণে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির আলাদা কোনো সত্তা নেই৷ এ কারণে আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা নারায়ণগঞ্জের বৈরী পরিস্থিতির কথা মাথায় রেখে দলটি এ উপনির্বাচনে প্রার্থী দেয়নি৷ আবার কৌশলে ওসমান পরিবার থেকেই প্রার্থী করানো হয়৷ এ অবস্থায় সেলিম ওসমানের নির্বাচনী ফলাফল নিয়ে উদ্বিগ্ন জাপার এক অংশের নেতারা৷
অবশ্য এ চিন্তার সঙ্গে দ্বিমত জানিয়ে জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘নির্বাচনে আমরা জিতব৷ কারণ, আমরা যাঁকে প্রার্থী করেছি, তিনি ব্যবসায়ী নেতা৷ তাঁর সুনাম আছে৷ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই৷’ তিনি দাবি করেন, জাতীয় পার্টির সরকারের সময় নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ ছিল না৷ এবার তাঁরা জয়ী হলে নারায়ণগঞ্জকে শান্তির শহর করা হবে৷
নারায়ণগঞ্জে সন্ত্রাসের জন্য ওসমান পরিবারকে দায়ী করা হয়৷ সে পরিবারের একজন সদস্যকে দিয়ে কীভাবে শান্তি প্রতিষ্ঠা হবে—এ প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘পরিবার বড় কথা নয়, বড় হচ্ছে দল৷ দল থেকে যদি আমরা সেভাবে এন্টারটেইন করতে পারি, তাহলে তা অবশ্যই সম্ভব৷’
দলীয় সূত্র জানায়, ৯ জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করবে জাপা৷ দলের চেয়ারম্যান এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে জনসংযোগে অংশ নেবেন৷ তবে সাবেক আওয়ামী লীগ নেতা এস এম আকরাম এ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবং তাঁর সঙ্গে সেখানকার নাগরিক সমাজ থাকায় বিষয়টি জাপার নেতাদের চিন্তার কারণ হয়ে উঠেছে৷
জাপার যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন জানান, তাঁরা দুই-এক দিনের মধ্যে রাজনীতিক, পেশাজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে নাগরিক কমিটি গঠন করে সেলিম ওসমানের পক্ষে মাঠে নামবেন৷