ওসমান পরিবারের 'পরীক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনা নারায়ণগঞ্জসহ সারা দেশে আলোচিত৷ তবে আলোচনায় পিছিয়ে নেই নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন৷ কারণ সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন ওসমান পরিবারের দুই সদস্য৷
জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়৷ এরই মধ্যে নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও ভাই বাংলাদেশ নিটপোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন৷
স্থানীয় রাজনীতিকদের অনেকে বলছেন, নাসিম ওসমানের পরিবারের কেউ জাতীয় পার্টির মনোনয়ন পেলেও তাঁকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে৷ দশম জাতীয় সংসদ নির্বাচনে নাসিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন৷
জাতীয় পার্টির কেন্দ্রিয় এক নেতা প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর সেখানে একজন পরিচ্ছন্ন প্রার্থী খোঁজা হচ্ছে৷ কাউকে না পেলে নাগরিক কমিটির কাউকে সমর্থন দেওয়া হতে পারে৷
পারভীন ওসমান সাংবাদিকদের বলেন, ‘প্রার্থী হওয়ার ব্যাপারে জাতীয় পার্টির কাছে আমি আবেদন করিনি৷ নাসিম ওসমানের সঙ্গে যাঁরা রাজনীতি করেছেন, তাঁরা আমাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করেছেন৷ এখন দেখা যাক জাতীয় পার্টি থেকে কী সিদ্ধান্ত আসে৷ আর আপা (প্রধানমন্ত্রী) কী বলেন৷ সবকিছু ঠিক থাকলে আমি অবশ্যই দলীয় নেতা-কর্মীদের ইচ্ছার মূল্যায়ন করব৷’
ওই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম নাগরিক সমাজের ব্যানারে নির্বাচন করবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে৷ ১৯৯৬ সালে তিনি নাসিম ওসমানকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন৷ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, ছাত্রলীগের সাবেক নেতা হালিম শিকদার আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছে৷
আনোয়ার হোসেন বলেন, তিনি প্রস্তুতি নিচ্ছেন৷ তবে সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷
প্রয়াত নাসিম ওসমানের ঘনিষ্ঠ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ওসমান পরিবারের কেউ প্রার্থী হবেন৷ তবে কে হবেন, এখনো চূড়ান্ত হয়নি৷ একই কথা বলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের৷
দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলোকে বলেন, প্রার্থিতা নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি৷
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে সাংসদ ছিলেন৷ ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পরপর তিনটি সংসদ নির্বাচনে নাসিম ওসমান পরাজিত হন৷ ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ মহাজোটের শরিক জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয়৷
গত পাঁচ বছর সাংসদ থাকাকালে নাসিম ওসমানের নির্বাচনী এলাকায় বন্দর উপজেলা পরিষদ ও উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের কোনোটিতেই ওসমান পরিবার-সমর্থিত প্রার্থী জিততে পারেননি৷ নাসিম ওসমানের নির্বাচনী এলাকার পুরোটাই (বন্দরের চারটি ইউনিয়ন ছাড়া) সিটি করপোরেশনের অন্তর্গত৷ ২০১১ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে নাসিম ওসমানের নির্বাচনী এলাকার সব কটি ভোটকেন্দ্রে তাঁর ভাই মেয়র প্রার্থী শামীম ওসমান শোচনীয়ভাবে পরাজিত হন৷
সর্বশেষ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ওসমান পরিবারের সদস্যদের নাম এসেছে৷ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে খুন করা হয়েছে৷
ত্বকী হত্যা মামলার তদন্তকারী সংস্থা র্যাব বলেছে, আজমেরী ওসমানের নেতৃত্বেই কলেজ রোডে তাঁর টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়৷ গত বছরের ৮ আগস্ট র৵াব ওই টর্চার সেলে অভিযান চালিয়ে হত্যার আলামত জব্দ করে৷ ওই অভিযানের পর থেকে আজমেরীকে প্রকাশ্যে দেখা যায় না৷ সর্বশেষ ২ মে বাবার জানাজায় আজমেরীকে প্রকাশ্যে দেখা যায়৷
কাউন্সিলর, আইনজীবীসহ সাতজন অপহরণ হওয়ার পরদিনই ২৮ এপ্রিল রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিম ওসমান৷