ওসমানী উদ্যান আবর্জনায় ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসমানী উদ্যানে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের স্মৃতিস্তম্ভ আছে। স্তম্ভগুলোর পাশে আবর্জনা ফেলে রাখা হয়েছে। মানুষজনও স্তম্ভের ওপরে বসে থাকে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
ওসমানী উদ্যানে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের স্মৃতিস্তম্ভ আছে। স্তম্ভগুলোর পাশে আবর্জনা ফেলে রাখা হয়েছে। মানুষজনও স্তম্ভের ওপরে বসে থাকে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

ওসমানী উদ্যানে পূর্ব দিকের গেট দিয়ে প্রবেশ করলে একটি সাইনবোর্ড চোখে পড়বে। তাতে উদ্যান ব্যবহারের বিভিন্ন নিয়মের সঙ্গে কিছু সতর্কবাণীও আছে। যা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। যা নিষেধ করা হয়েছে, তার প্রায় সবই ঘটছে এখানে।
ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার কথা বলা আছে। গতকাল রোববার উদ্যানে গিয়ে দেখা যায়, পার্কের সামনের দিকগুলোতে আবর্জনা তুলনামূলক কম। কিন্তু একটু ভেতর দিকে যেতেই দেখা যায় নানা আবর্জনা যেখানে-সেখানে পড়ে আছে। সিটি করপোরেশন থেকে দেওয়া ময়লা ফেলার পাত্রগুলো ফাঁকা।
বাস্তুহারা, ভবঘুরে ও ভিক্ষুকের প্রবেশ নিষেধ। কিন্তু পুরো উদ্যানটিই তাদের আবাসস্থলে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় পলিথিন বিছিয়ে খাওয়া-দাওয়া চলছে। খাওয়ার পরে একটু আয়েশ করতে অনেকেই হাঁটার জায়গাগুলোতে ঘুমাচ্ছেন। আবার গোল হয়ে বসে আড্ডাও দিচ্ছেন। হাঁটার জায়গায় বা বসার বেঞ্চগুলোতে শোয়া বারণ হলেও প্রায় সবগুলো বেঞ্চ এই বাস্তুহারা বা ভবঘুরেদের দখলে।
আনোয়ারা বেগমের বাড়ি গাইবান্ধায়। তিন বছর ধরে তিনি এক ছেলেকে নিয়ে ওসমানী উদ্যানে থাকেন। উদ্যানে হাঁটার পথে বসে তিনি কাপড় সেলাই করছিলেন। গ্রাম থেকে নাতনি এসেছেন। নাতনি খাচ্ছিলেন। থাকার ব্যাপারে কেউ কখনো কিছু বলে কি না জানতে চাইলে বলেন, ‘মাঝেমধ্যি তুলে দেয়, আবার আসি। কত মাইনষেই তো থাকে।’
রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত উদ্যানে প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ। কিন্তু এখানে অনেক পরিবারই সংসার পেতে বসেছে। গাছের সঙ্গে দড়ি টানিয়ে কাপড় শুকাচ্ছে। ছাগলও ঘুরে বেড়াচ্ছে। উদ্যানে ভাত বিক্রি করেন রেহানা খাতুন। এখানেই থাকেন ও রান্না করেন। তিনি বললেন, ‘কই যামু্, এইহানেই দুইডা ভাত বেচি, পোলাপান লইয়া থাকি।’ প্রস্রাব করা ও ধূমপান নিষেধ। ধূমপান তো চলছেই, সঙ্গে আছে মাদক সেবন। উদ্যানের ভেতরে পুকুর আছে। সেখানে গোসল ও প্রস্রাব না করার নির্দেশসংবলিত একটি সাইনবোর্ড টাঙানো। পুকুরপাড়ে প্রস্রাব ও গোসল দুটোই হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন এ উদ্যান নগর ভবনের সঙ্গেই। পাশে বাংলাদেশ সচিবালয়। দাপ্তরিক কাজে অনেকেই এখানে আসেন। অপেক্ষা করতে হলে তাঁরা উদ্যানে ঢোকেন। তবে এসব অপেক্ষমাণ লোক সামনের দিকেই বসেন। আর ভেতরের দিকে ছিন্নমূল মানুষদের আবাসস্থল।
পুরো উদ্যানেই হকার ঘুরে বেড়াচ্ছেন। ভেতরে কয়েকটি চায়ের দোকান। আর উদ্যান ঘেঁষে বাইরের ফুটপাতে হকাররা বসে আছেন।
ওসমানী উদ্যানে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের অঞ্চলের নাম ও গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত ১১টি স্মৃতিস্তম্ভ রয়েছে। সেই স্তম্ভের ভেতরেও অনেকে শুয়ে আছেন।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, ‘কিছুদিন আগেও আমরা উচ্ছেদ করেছি। তুলে দিলে আবার আসে। আমরা আবার দেখব।’ নিরাপত্তা ও সব সময় দেখভালের দায়িত্ব প্রসঙ্গে বললেন, সব সময় দেখে রাখার জন্য কেউ নেই। তবে ডিএসসিসি থেকে মাঝে মাঝে গিয়ে খোঁজ নেওয়া হয়।