ওসমানী উদ্যান রক্ষায় ব্যর্থ সিটি করপোরেশন: বাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেআইনিভাবে রাজধানীর ওসমানী উদ্যানের পুকুরে মাছ চাষসহ উদ্যান দখল করে অবকাঠামো নির্মাণের অভিযোগ তুলেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সেই সঙ্গে পরিচ্ছন্নতাসহ উদ্যানের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ব্যর্থ হয়েছে বলেও তাদের অভিযোগ।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বাপার পক্ষ থেকে বলা হয়, ওসমানী উদ্যান রক্ষায় ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে দক্ষিণ সিটি করপোরেশনের। কিছু কর্মকর্তার সহযোগিতায় বহিরাগত লোকেরা উদ্যান দখল করে অবকাঠামো নির্মাণ এবং ব্যবসা-বাণিজ্য করছেন।
এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উদ্যানের পরিবেশ রক্ষায় ও সুষ্ঠুভাবে এটি পরিচালনার জন্য জনবল বাড়াতে হবে। প্রয়োজনে উদ্যান সংরক্ষণে নাগরিক সমাজ ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে উদ্যান পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন। সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী সদস্য রুহিন হোসেন প্রিন্স। বিজ্ঞপ্তি।