গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ইতিহাস জাতীয় সম্পদ, কোনো দলের সম্পদ নয়। এম এ জি ওসমানী ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। তিনি বিশ্বাস করতেন মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়ভাবে বিবেচনা করা উচিত নয়। তাঁর মতো আজও সবাই বহুদলীয় গণতন্ত্রের পক্ষে, একদলীয় নয়।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন।
বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত এই সভায় কামাল হোসেন আরও বলেন, বাংলাদেশের সংবিধানকে এম এ জি ওসমানী প্রকৃত সম্মান দিয়েছিলেন। তিনি গণতন্ত্রকে লালন করতেন।
সভায় বক্তারা বলেন, ওসমানী একজন দক্ষ সৈনিক হওয়ার পরও পাকিস্তানে তাঁকে সঠিক মূল্যায়ন করা হয়নি। এমনকি, আজও তাঁকে উপযুক্ত মূল্যায়ন করা হয় না। রাজধানীতে তাঁর একমাত্র স্মৃতি উদ্যান ওসমানী উদ্যানকে সরকারি ও বেসরকারিভাবে বারবার দখল করা হয়েছে।
সভায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুজিব-ইন্দিরা ২৫ বছর চুক্তির বিষয়ে ওসমানী বিরোধিতা করেছিলেন বলে অপ্রপ্রচার করা হয়। তবে এটা সত্য যে বঙ্গবন্ধুর বাকশাল গঠনের সময় তিনি বলেছিলেন, এটা গণতন্ত্রবিরোধী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল মুকতাদির, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান প্রমুখ। পরিষদের সভাপতি সৈয়দা মাসুদা খাজা সভায় সভাপতিত্ব করেন।