ওসমানী নগরে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর, সঙ্গী নিখোঁজ

সিলেটের ওসমানী নগর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তারই এক সঙ্গী। আজ মঙ্গলবার সকালে উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আলীপুর বড়ভাগা নদীতে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম তুহিদা বেগম (৭)। আর নিখোঁজ হওয়া শিশুর নাম মারুফা বেগম (৬)। তুহিদা আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে ও নিখোঁজ মারুফা একই গ্রামের জালাল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে তুহিদা, মারুফাসহ চার শিশু আলীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ভাগা নদীতে গোসল করতে নামে। প্রবল স্রোতে তুহিদা ও মারুফা নদীতে তলিয়ে গেলে তাদের সঙ্গে থাকা অন্য দুই শিশু চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে তুহিদার লাশ নদী থেকে উদ্ধার করে। তবে মারুফার কোনো হদিস মেলেনি।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যা বলেন, এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় নিখোঁজ অপর শিশুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।