ওসমানী বিমানবন্দরে 'সিপার যাত্রীসেবা' উদ্বোধন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন অনুমোদিত এয়ারলাইনস যাত্রীদের সেবা সার্ভিস ‘সিপার যাত্রীসেবা’ (মিট, গ্রিট অ্যান্ড অ্যাসিস্ট সার্ভিস) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বুধবার সকালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-সংলগ্ন সিপার যাত্রীসেবা কর্নার ফিতা কেটে তিনি এর উদ্বোধন করেন।
উদ্বোধনের পর অর্থমন্ত্রী বলেন, এটি একটি ভালো উদ্যোগ। বিমানে ভ্রমণকারী দেশি-বিদেশি বিশেষ করে নবীন প্রবাসী যাত্রীরা এর মাধ্যমে উপকৃত হবেন। তিনি যাত্রীদের যথাযথ সেবা দেওয়ারও পরামর্শ দেন।
অর্থমন্ত্রীকে সিপার যাত্রীসেবার পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান সিপার এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ও সিপার যাত্রীসেবার প্রধান নির্বাহী খন্দকার সিপার আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মনিরুজ্জামান ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ উপস্থিত ছিলেন।