ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগের সশস্ত্র মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করার ঘটনায় লাঠি-রড ও রামদা উঁচিয়ে মহড়া দিয়ে ছাত্রদলকে ক্যাম্পাসছাড়া করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাস ও পাশের মধুশহীদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে রামদা বহনকালে ছবি তুলতে গেলে আলোকচিত্রী সাংবাদিকদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী রাহাতের সঙ্গে একই বর্ষের ছাত্রদলের কর্মী সাদীর বাগিবতণ্ডা হয়। দুপুরে এ ঘটনার জের ধরে রাহাত ক্যাম্পাস থেকে ফেরার পথে মধুশহীদ এলাকায় স্থানীয় ছাত্রদল কর্মীদের নিয়ে সাদীসহ কয়েকজন ছাত্রদল কর্মী তাঁকে মারধর করেন। এ খবর ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি, রড ও রামদা নিয়ে ক্যাম্পাস ও আশপাশ এলাকায় মিছিল করে ছাত্রদল কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসছাড়া করেন। এ সময় ছাত্রদলের দুই কর্মী আহত হন। মধুশহীদ এলাকায় তাঁরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেন। ছাত্রদলের কর্মীদের খুঁজতে গিয়ে তাঁরা একটি আবাসিক ভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ছবি তুলতে গিয়ে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ ও সমকালের ইউসুফ আলীকে বাধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাইয়ের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি। সশস্ত্র নয়, হাতে ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে ধাওয়া হয়েছে দাবি করে মেডিকেল কলেজ ছাত্রলীগের এক নেতা জানান, ছাত্রলীগ কর্মীকে মারধরকারীরা একসময় শিবির করতেন। মধুশহীদ এলাকায় এক বিএনপি নেতার ছত্রচ্ছায়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন বলে ক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়েছিলেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ রহমতউল্লাহ জানান, কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, কলেজে তুচ্ছ ঘটনার পর ক্যাম্পাসের বাইরে কেন মারধর করা হয়েছে, সে ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।