সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘টেলিমেডিসিন সেন্টার’ চালু করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সেন্টার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে এখন থেকে সিলেটের বিভিন্ন উপজেলা থেকেই ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাবেন রোগীরা।সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ। সেখান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী মেডিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সাংসদ বলেন, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুজন চিকিৎসক রয়েছেন। আরও কয়েকজন চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন। জবাবে অর্থমন্ত্রী বলেন, এখন থেকে চিকিৎসক-সংকটে আর রোগীদের ফিরে যেতে হবে না। টেলিমেডিসিন সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন তাঁরা। এভাবেই ‘টেলিমেডিসিন সেন্টার’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, ওসমানী হাসপাতালে টেলিমেডিসিন সেন্টার চালু হওয়ায় এ অঞ্চলের লোকজন আধুনিক চিকিৎসা সেবা পাবেন। এ ছাড়া অর্থমন্ত্রী ওসমানী মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), বার্ন ইউনিট ও শিশু ওয়ার্ডে প্লে-কর্নার উদ্বোধন এবং ‘হাসপাতাল ইয়ার বুক-২০১০’-এর মোড়ক উন্মোচন করেন।হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ইহতেশামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক।ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী, কলেজের অধ্যক্ষ অসুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ন. ম. শফিকুল হক, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের পরে অর্থমন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ এলাকায় চার কোটি ৯৯ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট সিলেট নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী, নার্সিং কাউন্সিলের উপপরিচালক ফরিদা খাতুন, প্রশিক্ষক কল্পনা রানী দে প্রমুখ উপস্থিত ছিলেন।