ওসমানী হাসপাতালে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুসহ এক দিনে ২৩ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দল। গতকাল বুধবার সকালে হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে ওই তদন্ত শুরু হয়েছে। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি গতকাল পুনর্গঠন করা হয়েছে।
গত সোমবার থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুর সংখ্যাকে অস্বাভাবিক উল্লেখ করে ও শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ ওঠায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করে। আলাদা তদন্ত কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল সকালে ওসমানী হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করেন। দুপুরে শিশু ওয়ার্ডের তিনটি ইউনিট ও হৃদ্রোগ বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন কমিটির সদস্যরা। বেলা দুইটায় তদন্ত কমিটির সদস্য আবির হোসেন রাব্বি সাংবাদিকদের ব্রিফ করেন।
আবির হোসেন জানান, স্বাভাবিক মৃত্যু হলেও সংখ্যা অস্বাভাবিক হওয়া, শিশু মৃত্যুর কারণ ও চিকিৎসায় অবহেলার অভিযোগগুলো খতিয়ে দেখছেন তাঁরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবির হোসেন বলেন, ‘আমরা মাত্র শুরু করেছি। দেখা ও পর্যবেক্ষণগুলো নিয়ে তদন্ত প্রতিবেদন হবে। তদন্তের বিষয় নিয়ে এখন কিছু বলা যাবে না।’ তিনি আরও বলেন, ‘মারা যাওয়া রোগীদের ব্যবস্থাপত্র দেখেছি। এগুলোতে কোনো অস্বাভাবিকতা আছে কি না খতিয়ে দেখছি।’
এদিকে হাসপাতাল গঠিত তদন্ত কমিটি গতকাল পুনর্গঠন করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ইসমাইল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে শিশু বিভাগের বিভাগীয় প্রধান মনোজ্জির আলী, আবাসিক চিকিৎসক রঞ্জন কুমার রায়, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান আলী হাসান চৌধুরী, গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মসিহ উদ্দিন চৌধুরীকে সদস্য করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা জানান, হাসপাতাল গঠিত তদন্ত কমিটির সদস্যসংখ্যা তিন থেকে সাতজনে বর্ধিত করে গতকাল বুধবার থেকে তদন্ত শুরু হয়েছে।
শিশু ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকসহ সেবার মান বাড়ানো হয়েছে। গতকাল থেকে অতিরিক্ত ছয়জন চিকিৎসকসহ বিশেষজ্ঞ আরও আটজন চিকিৎসক শিশু ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম তদারক করছেন। শিশু ওয়ার্ডে গতকাল মৃত্যুর হারও কমে আসে। গত ২৪ ঘণ্টায় ছয়জন নবজাতকের মৃত্যু হয়েছে। তবে এগুলো জন্মগত ত্রুটির কারণে মৃত্যু বলে শিশু ওয়ার্ডের রেজিস্ট্রারের দপ্তর সূত্রে জানা গেছে।
হাসপাতালের তদন্ত কমিটি সূত্র জানায়, শিশুসহ মারা যাওয়া অন্য পরিবারগুলোর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে লিখিত কিংবা মৌখিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের ঠিকানা সংগ্রহ করে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও অভিযোগ নেওয়া হবে।
মানববন্ধন: ‘সুচিকিৎসা আমাদের মৌলিক অধিকার’ লেখা ব্যানার নিয়ে গতকাল বেলা দুইটায় নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছে কয়েকটি মানবাধিকার ও সামাজিক সংগঠন। মানববন্ধন থেকে হাসপাতালে শিশু চিকিৎসাসেবার ক্ষেত্রে চিকিৎসকদের সর্বোচ্চ সচেতন ও এক দিনে ২৩ জনের মৃত্যুর অস্বাভাবিক ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।