ওসমানী হাসপাতালে রোগীর খাবার পরিবেশনে গরমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুমূর্ষু রোগীদের প্রতিদিন এক প্যাকেট জুস পরিবেশন করার কথা হাসপাতালের পথ্য বিভাগে উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে জুস দেওয়া হয় না। রান্নাঘরে সাঁটানো তালিকায় দুপুরের খাবারে জনপ্রতি মাংস ১১৪ গ্রাম লেখা থাকলেও পরিবেশন করা হয় ৫৭ গ্রাম। এক হাজার ৫০১ জনের খাবার পরিবেশনে এ গরমিল হচ্ছিল। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে খাবার পরিবেশনে এ গরমিল প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানী হাসপাতালে গতকাল দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছিল বেলা তিনটায়। খাবার পরিবেশনে দেরি দেখে মানবাধিকার কমিশন ওয়ার্ড থেকে রোগীদের কাছ থেকে পরিবেশন করা খাবার তালিকা দেখে পাঁচতলায় হাসপাতালের রান্নাঘরে ছুটে যান। সেখানে হাসপাতালের পথ্য বিভাগে সংরক্ষিত খাবার তালিকায় দেখা যায়, জনপ্রতি ১১৪ গ্রাম মাংস পরিবেশনের কথা রয়েছে। খাবারের সঙ্গে ডালও দেওয়ার কথা। কিন্তু দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছিল ৫৭ গ্রাম মাংস ও ডাল ছাড়াই। এ ছাড়া মুমূর্ষু রোগীদের একটি করে জুস প্যাকেট দেওয়ার কথা পথ্য বিভাগে উল্লেখ থাকায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একটি জুস প্যাকেট নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জানতে পারেন, জুস কখনো দেওয়া হয় না। হাসপাতালের সাধারণ ওয়ার্ডে গেলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে সাধারণ রোগীরা নালিশ করেন শয্যা নিয়ে। শয্যাগুলোতে বালিশ সরবরাহ করা হয় না। তিনি নিজেও প্রত্যক্ষ করেন একাধিক শয্যায় বালিশ নেই। তিন নম্বর ওয়ার্ড রেজিস্ট্রারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তাঁকে শয্যার চেয়ে বালিশ-সংকট থাকার বিষয়টি জানানো হয়। প্রায় দেড় ঘণ্টা সরকারি স্বাস্থ্যসেবার চিত্র প্রত্যক্ষ করে হতাশ হয়ে পড়েন তিনি। হাসপাতাল থেকে বেরোনোর মুহূর্তে নিচতলায় হাসপাতালের অনুসন্ধান বিভাগে কর্তব্যরত একজনের কাছে জানতে চান, দায়িত্বশীল কেউ আছেন কি না? অনুসন্ধান দপ্তরে কর্তব্যরত একজন তাঁকে ‘সরি স্যার...’ বলে জানালেন, এ দপ্তর থেকে তথ্য দেওয়ার সময় বেলা একটা পর্যন্ত ছিল। এরপর থেকে চাইলেও কোনো তথ্য দেওয়া হয় না। হাসপাতাল পরিদর্শনের প্রতিক্রিয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি এ অবস্থা দেখব বলে কাউকে না জানিয়েই এসেছি। হাসপাতালে যে অরাজকতা আর অনিয়ম দেখলাম, তাতে আমি চরম হতাশ। খাবারের তালিকায় আছে এক, আর সরবরাহ করা আরেক পন্থায়। শয্যার বালিশ আর বাথরুমের নোংরা পরিবেশ আমাকে বেশি মর্মাহত করেছে। স্থানীয়ভাবে আর কারও কাছে আমি কিছু জানতে চাই না। ঢাকায় ফিরে এ বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সরাসরি জানতে চাইব।’সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরের তত্ত্বাবধায়ক মো. সেলিম আহমদ তালুকদার বলেন, ‘স্যারকে (মানবাধিকার কমিশনের চেয়ারম্যান) আসলে আমি বোঝাতে পারিনি। পথ্য বিভাগে এক বেলা খাবারের কথা লিখা। এ জন্য বরাদ্দ সাপেক্ষে পোষাতে গিয়ে ৫৭ গ্রাম করে মাংস দুইবার এবং ডাল একবার দেওয়া হয়।’ জুস প্যাকেট না দেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত দায়িত্বে থাকা সুপারভাইজর সুধাংশু কুমার পাল বলেন, ‘আসলে ওই সময়ে বাথরুম পরিষ্কার করা হয়। স্যার এসে পরিষ্কার করার বিষয়টি দেখেছেন। আমরাও তাঁকে জানিয়েছি, এভাবে নিয়মিত পরিষ্কার করা হয়ে থাকে।’