ওসমানীনগরে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ। পরিত্যক্ত প্লাস্টিক, বোতল, পলিথিন, কার্টন থেকে শুরু করে রয়েছে হোটেল-রেস্তোরাঁর পচা-গলা খাবার। খাবারের খোঁজে এসব আবর্জনার স্তূপ ঘাঁটছে কুকুর ও বিড়াল। ভনভন করে উড়ছে মাছি। এ চিত্র সিলেটের ওসমানীনগর উপজেলা সদরসহ দুটি গুরুত্বপূর্ণ বাজারের বিভিন্ন স্থানের।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষেই সিলেটের ওসমানীনগর উপজেলা সদর শহর। এ সড়ক ঘেঁষেই আবার রয়েছে উপজেলার তাজপুর ও গোয়ালাবাজার। এসব স্থানে সড়কের উভয় পাশে উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। কোথাও আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই।
উপজেলার কাদিপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উপজেলায় যেখানে-সেখানে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকায় দেখতে বিশ্রী লাগে। এটি উপজেলার সৌন্দর্য হানি করছে।’
কামাল আহমদ নামের তাজপুর বাজারে অবস্থিত একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক বলেন, কোনো ধরনের ডাস্টবিন না থাকায় স্থানীয় ব্যক্তিরা নিজেদের খেয়ালখুশিমতো রাস্তার দুই পাশে আবর্জনা ফেলছেন।
ওসমানীনগর সদর, তাজপুর ও গোয়ালাবাজারের অন্তত ১৪ জন বাসিন্দা বলেন, যেখানে-সেখানে আবর্জনা ফেলার কারণে ফুটপাত ধরেও মানুষজন যাতায়াত করতে পারছে না। তা ছাড়া এসব আবর্জনা বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিনের পর দিন পড়ে থাকায় স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
গোয়ালাবাজার এলাকার ব্যবসায়ী শাহজাহান মিয়া (৫১) বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যক্তিরা ডাস্টবিন নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এ ছাড়া যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য উপজেলা প্রশাসন কিংবা ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণাও করা যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত বলেন, উপজেলায় আবর্জনা ফেলার জন্য একটিও ভাগাড় নেই। এটি আসলেই দুঃখজনক। তবে উপজেলা পর্যায়ে মাসিক যে সমন্বয় সভা হয়, সেখানে গত দুটি সভায় ভাগাড় নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়েছিল। বাজারগুলোতে স্থান নির্ধারণ করা হলে ভাগাড় নির্মাণেও উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রথমবারের মতো ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ময়নুল হক চৌধুরী। তিনি বলেন, ‘উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে দায়িত্ব গ্রহণের পরপরই আবর্জনার ভাগাড় নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।’