ওসমানীনগরে সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলায় আওয়ামী লীগ ও দলীয় ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁর মা সেলিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, কবির উদ্দিন বন্দুক চালিয়ে তাঁর ছেলেকে হত্যা করেছেন। নিহত সাইফুল উত্তর কালনীরচর গ্রামের সফরউদ্দিনের ছেলে।
এ ছাড়া ওই সংঘর্ষে আহত হওয়া সোহেল মিয়া (৩৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার গভীর রাতে মারা যান। তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ গতকাল পর্যন্ত দেওয়া হয়নি বলে ওসমানীনগর থানার ওসি জানিয়েছেন। সোহেলের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচরে। এটি ওসমানীনগরের বাংলাবাজারের লাগোয়া গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান ও বিদ্রোহী মো. আক্তারুজ্জামান চৌধুরীর সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচার চালানো নিয়ে বিরোধের জের ধরে রোববার সকালে সাদীপুর ইউনিয়নের বাংলাবাজারে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাইফুল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।