ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে জাতীয় জনতা পার্টি। গতকাল বুধবার দলটির নেতারা সিলেটে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী। একে সামনে রেখে গতকাল হজরত শাহজালালের দরগাহ কবরস্থানে অবস্থিত ওসমানীর কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
সভায় ওসমানীর প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাজী গোলাম মর্তুজা ও সহপ্রচার সম্পাদক মাহমুদুর রহমান, মহানগর সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক সাংসদ নূরুল ইসলাম খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন ওসমানী। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায়। তাই জাতীয় জনতা পার্টির একটিই দাবি—ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়া হোক।
আজ ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে নগরের নাইওরপুল এলাকায় ওসমানী জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ। বেলা সাড়ে তিনটায় জাদুঘরে আলোচনা সভার পর বিশেষ দোয়া মাহফিল হবে।
ওসমানী জাদুঘরের সহকারী সংরক্ষক জিয়ারত হোসেন খান বলেন, অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টিরা অংশ নেবেন।