যশোর-১ (শার্শা) আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ আফিল উদ্দীন অভিযোগ করেছেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তাঁর বিরুদ্ধে কুৎসা রটিয়ে পত্রিকায় খবর ছাপিয়েছেন। গতকাল সোমবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। একই সঙ্গে তিনি ওসি এনামুলকে মারধরের অভিযোগও অস্বীকার করেন।গতকাল প্রথম আলোর শেষের পাতায় ‘সাংসদ শেখ আফিলের বিরুদ্ধে ওসিকে মারধরের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংসদ শেখ আফিল উদ্দীন গতকাল সংবাদ সম্মেলন করেন।আফিল উদ্দীন বলেন, এনামুলকে (ওসি) তিনি তাঁর জুট মিলের অফিসে ডেকে বলেছিলেন, ‘অন্ধকারের হত্যাকাণ্ডকে দিনের আলোয় দেখিয়ে আপনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফাঁসানোর ষড়যন্ত্র করছেন কেন? এ কথা বলতেই ওসি বলেন, “এর জবাব আমি আপনাকে দিতে বাধ্য নই।” এরপর তাঁকে আমার জুট মিলের কার্যালয় থেকে বেরিয়ে যেতে বললে তিনি অপমান বোধ করে আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে পত্রপত্রিকায় খবর ছাপিয়েছেন।’এ ব্যাপারে ওসি এনামুল প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অন্ধকারে ঘটল, না দিনের আলোয় ঘটল, বাদী তা মামলার এজাহারে উল্লেখ করেন। সেখানে পুলিশের কিছু করার থাকে না। কারণ আইনে বলা আছে, কোনো স্পর্শকাতর ঘটনায় কেউ থানায় এসে মামলা দিলে, তা নিতে হবে। সেখানে প্রাথমিক তদন্তের কোনো সুযোগ থাকে না।’ওসি আরও বলেন, ‘কোনো সাংসদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে পত্রিকায় খবর ছাপানোর মতো সাহস একজন ওসির নেই। নিতান্তই শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে থানায় জিডি করতে বাধ্য হয়েছি।’প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা বলেন, ‘কোনো নির্বাচনী এলাকার সাংসদ থানার ওসির কাছে কিছু জানতে পারেন। কিছু নির্দেশনাও দিতে পারেন। সে এখতিয়ার তাঁর আছে। ওই ওসিকে প্রত্যাহার করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে এসপি দিদার আহমেদকে বলেছি।’এ ব্যাপারে পুলিশ সুপার দিদার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রেজা সাহেবের কথা শুনেছি। সবার মন জয় করে তো আর চলা যায় না। তাহলে তো প্রতিদিন কাউকে না কাউকে বদলি করতে হবে।’সাংসদের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার প্রমুখ।