ঝালকাঠির রাজাপুর থানাহাজতে আটকে রেখে রাসেল খান (১৫) নামের এক কিশোরকে নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহার করে সাজানো অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে নালিশি মামলা নেননি আদালত।
রাসেল এ বছর রাজাপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছে। মাধ্যমিকের নিবন্ধন ও
জন্মসনদ অনুযায়ী তার বর্তমান বয়স ১৫ বছর পাঁচ মাস।
রাসেলের মা হেলেনা বেগম গতকাল মঙ্গলবার রাজাপুর থানার ওসি, ইউএনওসহ চারজনের বিরুদ্ধে নালিশি মামলা করতে যান। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে আরজি ফেরত দেন।
রাসেলের মা ও বাবার অভিযোগ, তাঁদের বাড়ির কাছের এক প্রভাবশালী পরিবারের কলেজপড়ুয়া মেয়েকে বিয়ে করতে রাজি না হওয়ায় ওই মেয়ের বাবার পক্ষ হয়ে গত ২৮ ও ২৯ মার্চ দুই দিন থানায় আটকে রেখে রাসেলের ওপর নির্যাতন চালান রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম। বিনা অপরাধে ছেলেকে দুই দিন থানায় আটকে রেখে নির্যাতনের জন্য ওসির বিরুদ্ধে সহকারী পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন তাঁরা। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন ৩০ মার্চ সকালে ওসি নজরুলের নির্দেশে যৌন হয়রানির অভিযোগ সাজিয়ে ইউএনও মাহাবুবা আক্তারকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে রাসেলের বয়স দেখানো হয় ১৮ বছর। এরপর তাকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়।
আদালতের বিচারক কিরণ শংকর হালদার শুনানি চলাকালে হেলেনার আইনজীবীদের বলেন, ‘সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে হলে আগে সরকারের অনুমতি নিয়ে আসতে হয়। হয় অনুমতি নিয়ে আসেন, অন্যথায় দুদকে গিয়ে মামলা করেন।’
হেলেনার আইনজীবী আবদুর রশিদ সিকদার আদালতে বলেন, দুর্নীতি দমন আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী, বিশেষ জজ আদালতে নালিশি অভিযোগ দায়েরের সময় সরকারের অনুমতির কোনো প্রয়োজন নেই। আদালত অভিযোগ গ্রহণ করে দুদককে তদন্তের নির্দেশ দেবেন। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দেওয়ার সময় সরকারের অনুমতি আদালতে দাখিল করবেন।
হেলেনার আরেক আইনজীবী মানিক আচার্য্য বলেন, শুধু পুলিশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আর্থিক সুবিধা নিয়ে অসুস্থ রাসেলকে সাজা দেওয়ায় থানার ওসি ও রাজাপুরের ইউএনও মাহাবুবা আক্তারকে নালিশি মামলার আসামি করা হয়েছিল।
রাসেলকে নির্যাতনের ঘটনায় প্রথম আলোসহ একাধিক জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ৬ এপ্রিল ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
সাত কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার কথা। কমিটির প্রধান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম বলেন, ‘তদন্ত শেষ পর্যায়ে। শুধু অভিযুক্ত ওসির বক্তব্য নেওয়া বাকি। তাঁকে লিখিতভাবে দিতে বলা হয়েছে। দু-এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেব।’
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, ‘১৯৭৪ সালের শিশু আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু এবং সাধারণ অপরাধীদের সঙ্গে তাদের কারাগারে রাখা যাবে না। এ ছাড়া পত্রিকা পড়ে অভিযোগ সম্পর্কে জেনেছি। তদন্ত করে প্রমাণ পেলে রাসেলের পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে।’