ওসি, এসআইয়ের পাল্টাপাল্টি জিডি এসআইকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ব্যবধানে কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ ও উপপরিদর্শক আমিনুল ইসলাম একে অপরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওসি গত শুক্রবার করা জিডিতে এসআইয়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও গালাগাল করার অভিযোগ আনেন। রোববার এসআইয়ের করা জিডিতে ওসির বিরুদ্ধে মাদক ও জুয়ার আসর থেকে মাসোহারা নেওয়া এবং ‘সাধারণ ডায়েরী বহি’র পাতা ছিঁড়ে নতুন করে সন্নিবেশিত করার অভিযোগ আনা হয়। এই অবস্থায় রোববার রাতে আমিনুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান ওসি ও এসআইয়ের পাল্টাপাল্টি জিডির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বিভাগীয় নানা বিষয় থাকে। বিভাগীয় কোনো একটি কারণে এসআই আমিনুল ইসলামকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। চলতি বছরের ১৩ আগস্ট আমিনুল ময়মনসিংহ কোতোয়ালি থানা থেকে বদলি হয়ে ভৈরব থানায় যোগদান করেন। সরাফত উল্লাহ ভৈরব থানায় যোগদান করেন গত ৯ এপ্রিল।