পৌর নির্বাচনের ২৫ দিন পর ভোট চুরি, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে পাবনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) (এসি ল্যান্ড) অপসারণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার এ
কর্মসূচি পালন করে তারা। সমাবেশে দলীয় নেতারা ৪ ফেব্রুয়ারির মধ্যে ওই দুই কর্মকর্তাকে অপসারণ না করা হলে চাটমোহরে হরতালের হুমকি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে ওসি ও এসি ল্যান্ডের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন, আবদুল মালেক, ইছাহাক আলী, সাজেদুর রহমান প্রমুখ। পরে তাঁরা দাবি তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন।
সমাবেশে আবদুল মালেক বলেন, গত ৩০ ডিসেম্বর চাটমোহর পৌর নির্বাচনে ওসি সুব্রত কুমার ও এসি ল্যান্ড মিজানুর রহমান নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি বিশেষ প্রতীকের পক্ষে কাজ করেন। এটি আওয়ামী লীগ মেনে নিতে পারে না। তাই অবিলম্বে ওই দুই কর্মকর্তার অপসারণের দাবি করেন নেতারা।
চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন।