চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। অশোভন আচরণের অভিযোগ এনে গতকাল বুধবার তাঁরা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহিদুল্লা তপাদার থানায় ওসি আবুল কালামের সঙ্গে দেখা করতে যান। চেয়ারে বসলে ওসি তাঁকে (শহিদুল্লা তপাদার) সরে আরেকটি চেয়ারে বসতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামের অধিবাসী মুক্তিযোদ্ধা আলী আকবর পাটওয়ারী জানান, তাঁর একমাত্র ছেলে মমিন হোসেন মাদকসেবী। নেশার টাকার জন্য সে প্রায়ই তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর মোমিনকে গত ৩০ সেপ্টেম্বর ও পরে ২ অক্টোবর আটক করা হয়েছিল। কিন্তু ওসি আবুল কালাম এবং এএসআই বিল্লাল হোসেন ও ক্যামং চাকমা তাকে ছেড়ে দেন। পুলিশ কর্মকর্তাদের প্রশ্রয় পেয়ে মোমিন আরও মারমুখী হয়ে ওঠে। তাঁকে খুন করে গুম করার হুমকি দেয় সে।
এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল বেলা ১১টায় থানা ঘেরাও করে মিছিল ও সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। তাঁরা ওসি ও দুই এএসআইকে অবিলম্বে থানা থেকে প্রত্যাহারের দাবি জানান। খবর পেয়ে ইউএনও জয়নাল আবদিন ওসি ও মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের নিয়ে উপজেলা পরিষদে বৈঠক করেন। তবে সমঝোতা না হওয়ায় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করে পুনরায় থানা ঘেরাও করেন। পরে আবারও ইউএনও দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বিকেল চারটার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
এ ব্যাপারে ওসি আবুল কালাম বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেনি। তা ছাড়া মুক্তিযোদ্ধা বাবা তাঁর ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা পারিবারিক বিষয়। এটা অপরাধের পর্যায়ে পড়ে না।