নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ওরফে ডালিমকে লাঞ্ছিত করার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশীদ ও উপপরিদর্শক (এসআই) মো. রায়হান আলীর অপসারণ দাবি করেছে ছাত্রলীগ। ওই দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ওই দুই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে গতকাল দুপুরে শহরের সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হালিম। বক্তব্য দেন সম্পাদক হিজবুল্লাহ রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ মো. আবুল কালাম, যুবলীগের সভাপতি ফণিভূষণ মজুমদার, সম্পাদক বিপুল চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রতিরাম রায় প্রমুখ।
হিজবুল্লাহ অভিযোগ করে বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় উপজেলার পুটিমারী পূজামণ্ডপে ছাত্রলীগ কর্মী বাবলা মিয়াকে মারধর করে পুলিশ। পুলিশের কাছে বাবলাকে মারধর করার কারণ জানতে চাইলে ওসি বজলুর রশীদ আমাকে তাঁকে (বাবলা) নিয়ে থানায় যেতে বলেন। আমি রাত সাড়ে ১২টার দিকে থানায় গেলে ওসি ও এসআই রায়হান আমাকে আধা ঘণ্টা আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন করেন। রাত একটার দিকে ছেড়ে দেন।’ শাহ মো. আবুল কালাম বলেন, ‘ওসি ও এসআই সোমবার রাতে হিজবুল্লাহকে থানায় ডেকে নির্যাতন করেছেন। এর প্রতিবাদে ও তাঁদের অপসারণ দাবিতে আমরা ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। ওই দুই কর্মকর্তার অপসারণ দাবিতে আজ বুধবার শহরের মানববন্ধন ঘোষণা করেছি।’
ওসি বজলুর রশীদ বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় নেশাগ্রস্ত কিছু ছেলে পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করে। পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। পরে সেখানেই সেটি মীমাংসা হয়। এরপর রাতে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন ছেলে থানার সামনে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। আমি সেখানে গিয়ে হালিম ও হিজবুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু অন্যরা তাতে রাজি না হয়ে ওই দুজনকে সঙ্গে করে থানা থেকে বেরিয়ে যান। কাউকে লাঞ্ছিত করা হয়নি। গতকাল দুপুরে থানার সামনের রাস্তা দিয়ে তাঁদের মিছিল করে যেতে দেখেছি।’